ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) -- এর আরো চারজন সদস্য পদত্যাগ করেছেন।
রোববার দুপুরে তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগ করা সদস্যদের একজন আনোয়ারুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমি পদত্যাগ করেছি। দুপুর ১টায় বঙ্গভবনে গিয়েছিলাম। পদত্যাগপত্র দিয়ে এসেছি।''
তার সঙ্গে অধ্যাপক এ কে এম শাহাদত হোসেন মন্ডল, লতিফুর রহমান ও অধ্যাপক ডা. ফজলুল হক বঙ্গভবনে গিয়েছিলেন এবং তারাও পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি।
পদত্যাগ করার কারণ জানতে চাইলে আনোয়ারুল হক বলেন, ''কোনো কারণ নেই। পদত্যাগপত্রেও কোনো কারণ লিখিনি। কেবল পিএসসির সদস্যপদ থেকে পদত্যাগ করছি-- এটাই লিখেছি।''
এর আগে বৃহস্পতিবার পিএসসির আরেক সদস্য অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী পদত্যাগ করেন।
সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির আরেক সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন তার সম্পত্তির হিসাব চেয়েছে।
বিগত জোট সরকারের আমলে চারটি বিসিএস নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ নানা অভিযোগ উঠে। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক জেডএন তাহমিনা বেগমের মেয়াদ শেষ হলে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ড. সাদত হোসাইনকে সেই পদে নিয়োগ দেওয়া হয়।
তিনি নিয়োগ পাওয়ার পর ২৭ তম বিসিএস মৌখিক পরীক্ষা বাতিল করতে পিএসসির পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশ পাঠানো হয়। সরকার তাতে অনুমোদন দেওয়ায় এখন নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চলছে। জোট সরকারের সময় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একবার বিসিএস প্রাথমিক নির্বাচনী পরীক্ষাও বাতিল করা হয়েছিল।
বিডিনিউজডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসি/১৭৫৬ ঘ.
bdnews24