শেরপুর, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীমান্তবর্তী শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার দুটি গ্রামের ওপর দিয়ে শনিবার বিকালে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হন কমপক্ষে ২৫ জন।
এক থেকে দেড় মিনিট স্থায়ী ওই ঘূর্ণিঝড়ে উত্তর গিলাগাছা ও কুচনিপাড়া গ্রাম লণ্ডভণ্ড হয়ে পড়ে জানিয়েছেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী মোল্লা ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ।
ঝড়ে প্রচুর গাছপালা উপড়ে পড়ে বলে জানান তারা।
ঘরচাপা পড়ে এবং গাছের ডালের আঘাতে আহত হন দুই গ্রামের ২৫ জন। এর মধ্যে কুচনিপাড়া গ্রামের রোকেয়া বেগম(৫৪) ও শাহানা বেগম (১৪) কে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১০৭ ঘ.
bdnews24