সাতক্ষীরা, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শ্যামনগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে নিহত হয়েছেন সুরাত আলী (৮০)। শনিবার উপজেলার নিদয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নিদয়া গ্রামের সুরাত আলীর সঙ্গে ইয়াকুব্বর আলীর ছয় বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার ইয়াকুব্বরের দুই ছেলে লিয়াকাত আলী ও জব্বার আলী ওই জমিতে ধান রোপন করতে গেলে সুরাত আলী বাধা দেন। এ নিয়ে সংঘর্ষে ধারালো দায়ের কোপে সুরাত আলীর মৃত্যু হয়।
শ্যামনগর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ--পরিদর্শক ফরিদউদ্দিন জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০২৯ ঘ.
bdnews24