সাতক্ষীরা, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে শহরের সুলতানপুর বাজার সমিতির বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুর রহমান।
বৃহস্পতিবার সাতক্ষীরা 'ক' অঞ্চলের নালিশি আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থার নেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, বাজারের কাজ করার জন্য অনুমতি দেওয়ার নামে বাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক জবেদ আলী এবং তার ভাই বর্তমান সাধারণ সম্পাদক রওশন আলী শ্রমিকদের কাছ থেকে নির্দিষ্ট হারে চাঁদা নিতেন। চাঁদা দিতে অস্বীকার করায় বেশ কয়েকজন কুলি শ্রমিককে গত ১০ জুন মারধর করে বের করে দেন রওশন আলী।
বিষয়টি নিয়ে পৌর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করা হলেও তার কোনও প্রতিবিধান না হওয়ায় মামলা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১৫ ঘ.
bdnews24