ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আষাঢ়ের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রাজধানীর আকাশ ছিল মেঘলা। সকাল থেকেই চলছে হালকা মেজাজের বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রায় সবকটি জেলাতেই শনিবার বৃষ্টি হতে পারে। তাপমাত্রাও নেমে আসবে কিছুটা।
বরিশাল প্রতিনিধি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের ২৮টি রুটে শনিবার রাত ১টা পর্যন্ত ৬৫ ফুট এর কম দৈর্ঘ্যরে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। বরিশাল নৌ বন্দরের ট্রাফিক ইন্সেপেক্টর আব্দুল মালেক এ বিষয়টি নিশ্চিত করেছেন। (আরো তথ্যসহ)
মৌসুমী বায়ুর প্রভাব থাকায় চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং দক্ষিণাঞ্চলের নৌ বন্দরগুলোকে দুই নম্বর নৌ--হুঁশিয়ারি সংকেতদেখাতে বলা হয়েছে। একই কারণে আগামী দু--একদিন সবকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা সহকারী আবহাওয়াবিদ কামরুল হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শনিবার সারাদেশেই কমবেশি বৃষ্টি হতে পারে। এর মধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বর্ষণেরও সম্ভবনা আছে।
তিনি আরও জানান, বৃষ্টির কারণে শনিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে, নগরীতে সকালের হঠাৎ বৃষ্টিতে অফিসমুখোরা পড়েন চরম বিপাকে। মিরপুর-- ১০ এর গোলচক্কর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁওয়ে দেখা গেছে বাসের জন্য অপেক্ষমানদের দীর্ঘ লাইন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসএনডি/জেকে/২০০৩ ঘ.
bdnews24