২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিদেশ যাওয়া ঠেকানোর অনুমতি পেয়েছে পুলিশ

শেখ হাসিনার বিদেশ যাওয়া ঠেকানোর অনুমতি পেয়েছে পুলিশ। আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে আগের দিন দায়ের হওয়া দুটি চাঁদাবাজি মামলার তদন্ত কর্মকর্তারা তার বিদেশ যাত্রা ঠেকাতে বৃহস্পতিবার আদালতে আবেদন জানান। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলার তদন্তের প্রয়োজনে পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেয়। সন্তানসম্ভবা মেয়েকে দেখতে শুক্রবার শেখ হাসিনার আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 10:04 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনার বিদেশ যাওয়া ঠেকানোর অনুমতি পেয়েছে পুলিশ। আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে আগের দিন দায়ের হওয়া দুটি চাঁদাবাজি মামলার তদন্ত কর্মকর্তারা তার বিদেশ যাত্রা ঠেকাতে বৃহস্পতিবার আদালতে আবেদন জানান। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলার তদন্তের প্রয়োজনে পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেয়। সন্তানসম্ভবা মেয়েকে দেখতে শুক্রবার শেখ হাসিনার আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা। বুধবার দায়ের হওয়া মামলা দুটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার ওসি ওবায়দুল হক এবং তেজগাঁও থানার ওসি জানে আলম দুপরে আদালতে বলেন, আসামি শিগগিরই বাংলাদেশ ত্যাগ করে বিদেশে চলে যাবেন বলে জানা যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে। এ পর্যায়ে তিনি বিদেশে চলে গেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। বিদেশ গিয়ে তার পলাতক হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় তাকে দেশ ত্যাগ না করার জন্য প্রয়োজনীয় আদেশ দেওয়ার জন্য আবেদন করা হচ্ছে। মহানগর হাকিম মো. শামসুল আলম শুনানি শেষে বলেন, "যেহেতু আমলযোগ্য অপরাধের অভিযোগে নিয়মিত মামলা দুটি হয়েছে তাই তদন্তের স্বার্থে অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তদন্তকারী কর্মকর্তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন।" এদিকে শেখ হাসিনার চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার শেখ হাসিনাও এক বিবৃতিতে জানান, তাকে চট্টগ্রাম যেতে বাধা দিয়েছে পুলিশ। বিদ্যুৎ প্রকল্প স্থাপনে অনুমতি দেওয়ার বিনিময়ে মোট ৮ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ' টাকার চাঁদা নেওয়ার অভিযোগ এনে বুধবার মামলা দুটি করেন ব্যবসায়ী নূর আলী ও আজম জে চৌধুরী। ২২ জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ব্যবসায়ী নূর আলী তেজগাঁও থানায় করা মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন ও তার স্ত্রী রূপা চৌধুরীকেও আসামি করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালে নারায়ণগঞ্জের হরিপুর, চট্টগ্রামের শিকলবাহা ও খুলনায় তিনটি বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দিতে শেখ হাসিনা বাদির প্রতিষ্ঠান ফরচুন লিমিটেডের কাছ থেকে পাঁচ কোটি টাকা চাঁদা নিয়েছেন। তিনি নিজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর তৎকালীন সরকারি বাসভবন গণভবনে গিয়ে স্ট্যান্ডার্ড চাটার্ড ও আইএফআইসি ব্যাংকের ১২টি চেকে ৫ কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছেন বলে অভিযোগে জানান। চেক দেওয়ার সময় ফরচুন লিমিটেডের চেয়ারম্যান ড. মকবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুর রউফ ও হিসাবরক্ষক খালেদও তার সঙ্গে ছিলেন। নূর আলী আরও অভিযোগ করেন, হাসিনার চাচাতো ভাই শেখ হেলালউদ্দিন বিদ্যুৎ কেন্দ্রের কাজ পেতে সহায়তা করার জন্য তার কাছে এক কোটি টাকা চাঁদা অথবা ওই দামের ফ্ল্যাট দাবি করেন। তিনি পরে বারিধারায় বোরাক রিয়েল এস্টেটে দুটি ফ্ল্যাট হেলালউদ্দিনের স্ত্রী রূপা চৌধুরীকে বুঝিয়ে দেন। ফ্ল্যাটদুটো রূপা চৌধুরী ভাড়া দিয়ে রেখেছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। অন্যদিকে ব্যবসা গুলশান থানায় করা ব্যবসা ইস্ট--কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী মামলায় শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে প্রধান আসামি করা হয়েছে। এই মামলায় অভিযোগ করা হয়েছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার জন্য শেখ সেলিম বাদির কাছ থেকে ২০০০ ও ২০০১ সালে কয়েক দফায় মোট ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ' টাকা চাঁদা নেন। স্ট্যান্ডার্ড চাটার্ড ও সাউথ ইস্ট ব্যাংকের আটটি চেকের মাধ্যমে এই টাকা লেনদেন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি চাঁদাবাজির মামলা হল। তাজুল ইসলাম ফারুক নামে হবিগঞ্জের এক ব্যবসায়ী তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগ এনে গত ৯ এপ্রিল তেজগাঁও থানা প্রথম মামলাটি করেন। হাসিনা তখন যুক্তরাষ্ট্রে ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /পিবি/আরবি/জিএনএ/এমএইচবি/০০৫১ ঘ.