ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, "ঘরোয়া রাজনীতি শুরুর অনুমতির ব্যাপারে এ মুহূর্তে চিন্তা করছে না সরকার। এটি করা হলে রাজনৈতিক দুর্বৃত্তদের সুবিধা করে দেওয়া হবে"। ।
ঘরোয়া রাজনীতি চালুর বিষয়ে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিসের বক্তব্যের বিষয়ে কথা বলতে গিয়ে আইন উপদেষ্টা বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন।
তথ্য মন্ত্রণালয়ের নিজ কক্ষে উপদেষ্টা আরও বলেন, "কেবল ঘরোয়া রাজনীতি সবকিছু নয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই মূল বিষয়।"
মইনুল হোসেন বলেন, "আমরা গণতন্ত্রের রোডম্যাপ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছি। এ জন্য আমরা নির্বাচন কমিশন সংস্কার করেছি। রাজনীতিকে দুর্নীতিমুক্ত করার জন্য স্বাধীন দুর্নীতি দমন কমিশন সংস্কার করা হয়েছে। পুনর্গঠিত করা হয়েছে পিএসসি।"
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশিদের বক্তব্যের সমালোচনা করে উপদেষ্টা মইনুল আরও বলেন, "আমাদের দেশ নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনাররা বক্তব্য দিচ্ছেন, দেশ নিয়ে আমরাও চিন্তা করছি। ঘরোয়া রাজনীতির মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এটা আমরাও বুঝি। এক্ষেত্রে বিদেশিদের পরামর্শের ওপর নির্ভর করা জাতির জন্যই দুঃখজনক।"
আইন উপদেষ্টা বলেন, "ঘরোয়া রাজনীতি চালু না থাকলেও অনেক রাজনৈতিক নেতা তাদের ড্রয়িং রুমে বৈঠক করছেন। রাজনৈতিক দলের সংস্কারের কথা বলছেন। জরুরি অবস্থার মধ্যেও তারা এ কাজগুলো করছেন। এক্ষেত্রে আমরা বাধা দিচ্ছি না। আমরা সংস্কারের পরিবেশ তৈরি করতে চাচ্ছি। ঘরোয়া রাজনীতি শুরুর জন্য রাজনৈতিক দলগুলোর সংস্কারকামী নেতাদের আরও একটু সময় দেওয়া দরকার।
সংস্কারকামী নেতাদের বর্তমান সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব সরাসরি না দিয়ে উপদেষ্টা বলেন, "সরকার হিসেবে আমাদের চারদিকে খেয়াল রাখতে হয়। আমরা কাউকে সুযোগ দিচ্ছি না। বড় বড় নেতারা কী পরিমাণ দুর্নীতি করেছিলেন দলের অনেক নেতা কর্মী তা জানতেন না। এখন জানার সুযোগ এসেছে। সে কারণেই তারা সংস্কারের কথা ভাবতে পারছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/এসএনডি/১৫১০ ঘ.
bdnews24