২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর জিগাতলায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

রাজধানীর জিগাতলায় বুধবার রাতে সন্ত্রাসীদের গুলিতে সুমন খন্দকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 06:59 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর জিগাতলায় বুধবার রাতে সন্ত্রাসীদের গুলিতে সুমন খন্দকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সুমন ৪১/১ সনাতনগড়, জিগাতলা, ট্যানারী মোড়ের নুরুল ইসলামের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা তাকে ব্যবসায়ী বলে জানালেও পুলিশ সুমনকে হাজারীবাগ থানার তালিকাভূক্ত সন্ত্রাসী বলে দাবি করেছে। সুমনের ছোট ভাই সারোয়ার খন্দকার হাসপাতালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফেরার পথে মিতালী রোডে ৪/৫ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। তার মাথার পেছনে এবং ডান পাঁজরে দুটি গুলি লাগে। এলাকাবাসী তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সুমনকে মৃত ঘোষণা করেন। সারোয়ার জানান, তার ভাই কেমিক্যাল ও চামড়ার ব্যাবসায়ী। ট্যানারি মোড়ে তার একটি দোকান আছে। ব্যবসায়িক বিবাদের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন রাত ১১ টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত সুমন খন্দকার হাজারীবাগ থানার সন্ত্রাসী তালিকায় সাত নম্বর ব্যক্তি। তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় খুন ছাড়াও ডাকাতি ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০০১২ ঘ.