ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বিউটেনিস বলেছেন, বাংলাদেশের মতো একটি দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু, "গোপন" আটকের মতো ঘটনা মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, "যে দেশ গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য দশককালেরও বেশি সময় ধরে এত মূল্য দিয়েছে, সেদেশে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু, গ্রেপ্তারকৃতদের প্রতি অসদচারণ, কাকে গ্রেপ্তার করা হচ্ছে, কেন হচ্ছে তা নিয়ে এক ধরনের ঘোলাটে অবস্থা এবং "গোপন" আটকের মতো ঘটনাগুলো অগ্রণযোগ্য।"
বিউটেনিস বুধবার সন্ধ্যায় গুলশান ক্লাবে তাকে দেওয়া আমেরিকান এলামনাই এসোসিয়েশনের বিদায়ী সংবর্ধনায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, "আমি এমন একটা সময় বাংলাদেশ ছেড়ে যাচ্ছি যখন এদেশের রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা বজায় রয়েছে। কিন্তু পর্দার অন্তরালে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় এ নিষেধাজ্ঞা লক্ষ্য করা যাচ্ছে না। আমি তাই হতাশ।"
তার ভাষায়, "বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়ার সংস্কারের জন্য বেশ কিছু আকর্ষনীয় প্রস্তাব লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি মনে করি এ কাজে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর প্রয়োজনীয় অংশগ্রহণ ও সমর্থন দরকার। কারণ শেষ পর্যন্ত তাদের ছাড়া একটি গ্রহণযোগ্য ও টেকসই রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তোলা কঠিন হবে।"
বিউটেনিস বলেন, জানুয়ারির ২২ তারিখে আমি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চেয়েছিলাম। কিন্তু আমার দুঃখ সেটা আমি দেখতে পারিনি। কিছু লোকজনের ধারণা বাংলাদেশে জরুরি অবস্থা জারির পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।
তিনি গারো জনগোষ্ঠীর নেতা চলেশ রিছিলের মৃত্যুর ঘটনা উল্লেখ করে বলেন, এটা ছিল অনভিপ্রেত। যদিও সরকার এ ঘটনায় বিচারের যে উদ্যোগ নিয়েছে তা আশাব্যাঞ্জক।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের প্রতিশ্র"তিকে আমরা বিশেষভাবে সমর্থন করি। সংবিধান অনুযায়ী দ্রুততম সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করাই এই সরকারের মূল দায়িত্ব।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, এটা অত্যন্ত পরিষ্কার যে ১১ জানুয়ারির আগ পর্যন্ত চলে আসা রাজনৈতিক ধারায় খুব অল্পসংখ্যক লোকই ফিরে যেতে চায়। একই সঙ্গে এটিও স্পষ্ট যে সরকার যদি জনগণের নেতা নির্বাচনের মতো মৌলিক ও সার্বভৌম রাজনৈতিক অধিকার খর্ব করে তবে তাদের বৈধতা হুমকির মধ্যে পড়বে।
বিউটেনিস বলেন, আমি জানি, কিছু বাংলাদেশির বিশ্বাস, আমি কোনও কোনও সময় বেশি কথা বলেছি। ভাল কিংবা খারাপ যাই হোক না কেন, কূটনীতিকে শুধু নথিপত্র আর আনুষ্ঠানিক নৈশভোজের ভেতর সীমিত রাখার দিন অনেক আগেই চলে গেছে।
তিনি বলেন, আমি একটি উত্তেজনাকর সময়ের মধ্যে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি, যে সময়টি একই সঙ্গে বিপুল সম্ভাবনার ও শঙ্কার।
বিউটেসিন ২০০৬ সালের ১৭ মার্চ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডকে/এমআরএফ/এফডাব্লিওসি/এমএইচবি/২০২৫ ঘ.
bdnews24