ময়মনসিংহ, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি লেভেল ক্রসিয়ে মঙ্গলবার দুপুরে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের পেছনের অংশ চুরমার হয়ে যায়। এতে একজন নিহত ও চার জন আহত হয়েছেন।
ময়মনসিংহ রেলওয়ের কর্মকর্তা হারুন অর রশিদ জানান, দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বালু ভর্তি ট্রাকটি ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে ক্রসিং পার হচ্ছিল। ওই সময় ইঞ্জিনের সঙ্গে ট্রাকের পেছনের অংশের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় নিহতের নাম আবু বক্কর সিদ্দিক (৫০)। বালু শ্রমিক সিদ্দিক ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী এলাকার মরহুম ইউনুস আলীর ছেলে। আহত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুল গফুর (৪৮), মরহুম কমল উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৫০) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মরহুম বজলুর রহমানের ছেলে নূরুজ্জামান (৪২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৩১ ঘ.
bdnews24