ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দেওয়া হয়েছে।
কারা উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের নির্দেশ আসার পর তারেক রহমানকে প্রথম শ্রেণীর ডিভিশন দেওয়া হয়েছে। এখন তিনি সে অনুযায়ী সব ধরনের সুবিধা পাবেন।''
তিনি জানান, এতোদিন সাধারণ কয়েদী হিসেবে তারেক রহমান মেঝেতে ঘুমাতেন। ডিভিশন পাওয়ার পর রাতে ঘুমানোর জন্য তিনি চৌকি পাবেন। এছাড়া ডিভিশনধারীরা চেয়ার, টেবিল, টুথব্রাশ, আয়নাসহ যে সুবিধাগুলো পেয়ে থাকেন, তাও পাবেন তারেক রহমান। ডিভিশনধারীদের সরবরাহ করা খাবারও আলাদা বলে কারা উপমহাপরিদর্শক জানান।
গত ৭ মার্চ ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসভবন থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে তিনটি চাঁদাবাজি মামলা হয়েছে।
মহানগর হাকিম ও জেলা আদালতে তারেক রহমানের সামাজিক অবস্থান বিবেচনা করে ডিভিশন দেওয়ার আবেদন নাকচ হওয়ার পর হাইকোর্টে আবেদন জানানো হয়।
গত সপ্তাহে হাইকোর্ট তারেক রহমানের সামাজিক অবস্থান বিবেচনা করে তাকে প্রথম শ্রেণীর ডিভিশন দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত হাইকোর্টের আদেশ কেন্দ্রীয় কারাগারে পৌঁছনোর পর কারা কর্তৃপক্ষ তারেক রহমানকে ডিভিশন দেন।
এর আগে তারেক রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগারে চম্পাকলী সেলে সাধারণ কয়েদীর কক্ষে ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১৫৪ ঘ.
bdnews24