রাজশাহী, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- জঙ্গি মদদদানের অভিযোগে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক সাংসদ নাদিম মোস্তাফার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ (চার্জ) গঠনের দিন ধার্য করা হয়েছে আগামী ১৭ জুন।
রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ শেখ মোহাম্মদ এই দিন ধার্য করেন।
মঙ্গলবার রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ আদালতে আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু আসামী পক্ষের আইনজীবীরা প্রস্তুতি না থাকার কথা বলে অভিযোগ গঠন না করার অনুরোধ জানিয়ে সময় প্রার্থনা করেন।
আইনজীবীদের এই আবেদনের প্রেক্ষিতে অভিযোগ গঠনের সময় পুনঃনির্ধারণ করেন আদালত।
এদিন সাবেক উপমন্ত্রী দুলুকে আদালতে হাজির করা হয়। তবে মামলার অন্যতম দুই আসামী সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও সাবেক সাংসদ নাদিম মোস্তফা এখন পর্যন্ত পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৪ সালে আমিনুল, দুলু ও নাদিম মোস্তাফার মদদে বাংলা ভাই ও তার ক্যাডার বাহিনী পলাশীর আইয়ুব আলীকে ধরে নিয়ে মারধর করে এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাকে হামিরকুৎসা ক্যাম্পে নিয়ে বাংলা ভাইয়ের সহযোগীরা মারধর করে গুরুতর আহত করে। পরে আইয়ুব আলী বাংলা ভাইয়ের অপর সহযোগী কিলার মোস্তাকের বাবাকে ৮০ হাজার টাকা দিতে বাধ্য হন।
এই অভিযোগে আইয়ুব আলী ২০০৭ সালের ৩০ এপ্রিল রাতে বাগমারা থানায় আমিনুল, দুলু ও নাদিম মোস্তফাসহ ৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/
bdnews24