ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্কের যাবতীয় স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে ফেলার ওপর হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২৬ জুলাই।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি জয়নুল আবেদীনের আদালত পার্কটির পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স ভায়া মিডিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ জুলাই পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করে।
আপিল বিভাগে ওয়ান্ডারল্যান্ড পার্কের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
রাজউকের মাস্টার প্ল্যান বহির্ভূতভাবে গুলশান সেন্ট্রাল পার্ককে বাণিজ্যিক পার্কে রূপান্তর করায় গত ২৪ মে হাইকোর্টের একটি বেঞ্চ ওয়ান্ডারল্যান্ড পার্কের বরাদ্দ বাতিল ঘোষণা করে। ছয় মাসের মধ্যে হাইকোর্ট ওয়ান্ডারল্যান্ড পার্কের যাবতীয় স্থাপনা অন্যত্র সরিয়ে ফেলার নির্দেশ দেয়।
রায়ে বলা হয়, মাস্টার প্ল্যান বহির্ভূতভাবে গুলশান সেন্ট্রাল পার্ককে বাণিজ্যিক পার্কে রূপান্তর করা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনী।
গুলশান সেন্ট্রাল পার্কের কিছু অংশ দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশন ১৯৯০ সালে ওয়ান্ডারল্যান্ড চিলড্রেন পার্ক নির্মাণের জন্য মেসার্স ভায়া মিডিয়া নামের একটি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয়।
আবাসিক এলাকায় বাণিজ্যিক এই পার্ক নির্মাণের জন্য দেওয়া বরাদ্দের বৈধতা নিয়ে গুলশানবাসী এম এ রেজা ১৯৯৫ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
তখন আদালত এই বরাদ্দ কেন বাতিল করা হবে না তার কারণ দর্শানোর আদেশ দিয়ে ওই বরাদ্দ স্থগিত করে।
মেসার্স ভায়া মিডিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরই হাইকোর্ট স্থগিতাদেশ বাতিল করে দেয়। তখন থেকে ভায়া মিডিয়া ওয়ান্ডারল্যান্ড পার্কটি পরিচালনা করে আসছে।
আদালত এসময় বৃহৎ ঢাকা শহরে শিশু কিশোরদের বিনোদন ও মানসিক বিকাশের জন্য উপযুক্ত জায়গায় ওয়ান্ডারল্যান্ড পার্ক পুনঃস্থাপনের অনুমোদন দেওয়ার জন্য রাজউক ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিও আহ্বান জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসডি/১৫৪৩ ঘ.
bdnews24