ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বেসরকারি বিমান সংস্থা জিএমজি এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও পাকিস্তানে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।
সোমবার বাংলাদেশ বিমান ও জিএমজি এয়ারলাইন্স কর্মকর্তাদের এক বৈঠকে এ অনুমতি দেওয়া হয়। আগামী ছয় মাসের মধ্যে এসব রুটে ফ্লাইট চালু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন জিএমজি এয়ারলাইন্সের কর্মকর্তারা।
সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা এম এ মতিন, ভারপ্রাপ্ত সচিব শেখ আলতাফ আলী, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ মোমেন, জিএমজি এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শাহাব সাত্তার ও উপ--ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল আর চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা এম এ মতিন সাংবাদিকদের জানান, জিএমজি এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে চেয়েছে। তাদের আবেদন বিবেচনা করে মধ্যপ্রাচ্যের তিনটি দেশসহ চারটি দেশে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও জানান, জিএমজি এ বছর থেকেই ১৫ হাজার করে হজ যাত্রী পরিবহনের অনুমতি চাইলেও প্রস্তুতি না থাকায় তাদের অনুমতি দেওয়া হয়নি। তবে যথেষ্ট প্রস্তুতি নিতে পারলে আগামী মৌসুম থেকে তারা অনুমতি পাবে।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানিতে (পিএলসি) রূপান্তরিত করার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ৩০ জুনের মধ্যে সম্ভব না হলেও ১৫ জুলাইয়ের মধ্যে বিমানকে অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি করা হবে।
জিএমজির ব্যবস্থাপনা পরিচালক শাহাব সাত্তার সাংবাদিকদের বলেন, জিএমজি আগেই পাকিস্তানে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছিল। কিন্তু অনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আজ আমরা মধ্যপ্রাচ্যের তিনটিসহ চারটি রুটেই ফ্লাইট পরিচালনার ঘোষণা দিচ্ছি।
অবশ্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করতে কমপক্ষে ছয় মাস সময় লাগবে বলে জানান তিনি। শাহাব সাত্তার বলেন, আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য প্রশস্ত এয়ারক্র্যাফট প্রয়োজন। এখন থেকে তা সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/আরএ/এসএনডি/১৫৫০ ঘ.
bdnews24