শেরপুর, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় সংলগ্ন ধোপাজুড়ি গ্রামে বন্য হাতির হামলায় ঘরের মাটির দেয়াল চাপা পড়ে আলপনা বেগম (২৫) নামে একজন গৃহবধূ নিহত হয়েছেন।
ময়মনসিংহ ৪৫ রাইফেলস ব্যাটালিয়নের সুবেদার মো. আব্দুল বাতেন জানান, শনিবার রাত ১১ টার দিকে ২০/২৫ টি বন্যহাতি সীমান্তবর্তী ধোপাজুড়ি গ্রামে একটি কাঁঠাল বাগানে ঢুকে পড়ে।
হাতির দলটি পরে ওই গ্রামের আব্দুল খালেকের ঘরে হামলা চালিয়ে তা লণ্ডভণ্ড করে দেয়। এ সময় ঘরের মাটির দেয়াল ধসে পড়লে আব্দুল খালেকের স্ত্রী আলপনা বেগম চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে আতংক বিরাজ জরছে। লোকজন পটকা ফাটিয়ে ও বিকট শব্দ করে এবং মশাল জ্বালিয়ে বন্যহাতি তাড়ানোর চেষ্টা করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৩০৭ ঘ.
bdnews24