২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের হাতে পুলিশ লাঞ্ছিত

ঘুষের অভিযোগ তদন্ত করতে গিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের হাতে লাঞ্ছিত হলেন সিআইডির দুই পরিদর্শক। খুইয়েছেন সাক্ষীদের জবানবন্দির কাগজপত্রও। এ ঘটনায় লাঞ্ছিতরা শেষে সদর থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 03:20 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

সাতক্ষীরা, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঘুষের অভিযোগ তদন্ত করতে গিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের হাতে লাঞ্ছিত হলেন সিআইডির দুই পরিদর্শক। খুইয়েছেন সাক্ষীদের জবানবন্দির কাগজপত্রও। এ ঘটনায় লাঞ্ছিতরা শেষে সদর থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। শনিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপার অফিস সংলগ্ন সিআইডি অফিসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাঞ্ছিত পরিদর্শক হরিপদ বিশ্বাস। তিনি জানান, কলারোয়া থানার বেলাল হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আবদুল হামিদ, আবদুুল কাদের ও জহুরুলের কাছ থেকে ঘুষ নিয়ে থানার উপপরিদর্শক গোলাম ছরোয়ার তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্র"তি দেন বলে পুলিশ সদর দপ্তরে অভিযোগ করেন ওই মামলার অপর আসামী সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব। বিষয়টি তদন্তের জন্য তখন সিকিউরিটি সেলের পরিদর্শক লুৎফর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। ইতিমধ্যে মামলা তদন্তের দায়িত্ব গোলাম ছরোয়ারের কাছ থেকে নিয়ে সিআইডিকে দেওয়া হয়। হরিপদ বিশ্বাস জানান, গোলাম ছরোয়ারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শনিবার সাতক্ষীরা সিআইডি অফিসে বসে লুৎফর রহমান অভিযোগকারী ও সাক্ষীদের লিখিত জবানবন্দি গ্রহণ করার সময় পুলিশের পোশাক পরেই সেখানে ঢুকে পড়েন গোলাম ছরোয়ার। সবাইকে উদ্দেশ্য করে নাটকীয় কায়দায় বলেন, 'হ্যান্ডস আপ, কেউ নড়াচড়া করবেন না'। হরিপদ বিশ্বাস বলেন, "ওই সময় লুৎফর রহমান ও আমাকে লাঞ্ছিত করে জবানবন্দিসহ অন্যান্য কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান ছরোয়ার। " বিষয়টি সাতক্ষীরা পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকীকে জানিয়ে লুৎফর ও হরিপদ বিকালে সদর থানায় দু'টি পৃথক সাধারণ ডায়েরি করেন। অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান সদর থানায় এসে লাঞ্ছিত দুই পুলিশ পরিদর্শকের সঙ্গে কথাও বলেন। জাকির হোসেন খান জানিয়েছেন, বিষয়টি নিয়ে রাতে তারা বৈঠকে বসছেন। তবে অভিযুক্ত পুলিশ গোলাম ছরোয়ারের সঙ্গে অনেক বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২১১৫ ঘ.