ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- মীরপুরের আলোচিত দুই বোন ডা. আইনুন নাহার রীতা ও প্রকৌশলী নুরুন্নাহার মিতা আবারো স্বেচ্ছাবন্দিত্ব গ্রহণ করছেন। বঙ্গবন্ধু শেখ মুৃজিব মেডিকেল বিশ্ববিদ্যলয়ের চিকিৎসা কর্মকর্তা রীতা বেশ কয়েকদিন ধরে কাজে যাচ্ছেন না। দুই নিজেদের বাড়িতেই আছেন, তবে কারও সঙ্গে দেখা বা কথা বলা বলছেন না।
তাদের চিকিৎসক মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. এম এ মোহিত কামাল জানিয়েছেন, ঠিকমত চিকিৎসা চালিয়ে না যাওয়ার কারণে তারা হয়তো আবারো অসুস্থ হয়ে পড়েছেন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জানিয়েছে, তেমনটি হলে তারা আবারো রীতা মিতার চিকিৎসার উদ্যোগ নেবে।
শনিবার দুপুরে মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকে রীতা--মিতার বাড়িতে গেলেও তাদের সঙ্গে কথা বলা যায়নি। কলিংবেল টিপতেই ছোট বোন মিতা মূল ফটকের ভেতর থেকে জানান, কারও সঙ্গে কথা বলবেন না তিনি। এ কথা বলেই বাড়ির ভেতরে চলে যান তিনি।
পরে আবারও তাদের বাড়িতে গেলে ভেতর থেকে তালাবন্ধ মূল ফটকের আড়াল থেকে মিতা জানান, তারা দুই বোন কারো সঙ্গেই কথা বলতে রাজি নন। এরপর প্রায় পৌনে একঘণ্টা দাঁড়িয়ে থেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও বাড়ির ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক--দেড় মাস ধরে বাড়ি থেকে খুব কম বের হচ্ছেন দুই বোন। চিকিৎসার পর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসছিলেন তারা। স্বাভাবিকভাবে কথা বলতেন, মিশতেন। সুস্থ হওয়ার পর বাড়ীতে বসেই রোগী দেখতেন ডা. রীতা। এখন রোগী দেখা বন্ধ করে দিয়েছেন। প্রতিবেশীদের ধারণা, নিয়মিত ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন তারা। আবারও অসুস্থতার লক্ষণ দেখা দিয়েছে তাদের মধ্যে। রাতের বেলায় মাত্র একটি বাতি জ্বালিয়ে রেখে পুরো বাড়ি অন্ধকার করে রাখেন।
রীতা ও মিতা তাদের বাড়ি সংলগ্ন দোকানঘরটি উডল্যান্ড ডোরস অ্যান্ড ফার্নিচার এর কাছে ভাড়া দিয়েছেন। ওই দোকানে গিয়ে জানা গেল, গত দুই মাস ধরে দোকানে এসে ভাড়া নিচ্ছেন না তারা। দোকানের মালিক বাড়িতে গিয়ে ভাড়া দিয়ে আসছেন।
নাম প্রকাশ না করার শর্তে দোকানের এক কর্মচারী জানান, তাদের সম্পর্কে কাউকে কোনো তথ্য দিতে নিষেধ করে দিয়েছেন দুই বোন। তারা কাউকেই বিশ্বাস করেন না। বিভিন্ন সময় রীতা--মিতা তাকে জানিয়েছেন, তাদের সাড়ে সাত কাঠার পৈত্রিক বাড়িটি যেকোনো সময় কেউ দখল করে নিতে পারে এই আশঙ্কায় ভুগছেন তারা।
রীতাদের বাড়ির সামনের ফুটপাতে কার্পেট রঙ করার কাজ করতেন মো. হান্নান। হান্নান জানান, কয়েকদিন আগে দুই বোনকে বাজার করে ফিরতে দেখেছেন তিনি। এরপর তদের আর দেখা যায়নি। তবে কয়েকদিন আগে দুই বোন বাড়ি থেকে বেরিয়ে এসে তাকে বলেন, "আল্লাহর হুকুম হয়েছে, আমাদের এখান থেকে চলে যাও।"
ডা. রীতা গত বছরের এপ্রিল মাসে চিকিৎসা কর্মকর্তা হিসাবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগে যোগ দেন। বেশ দক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করছিলেন তিনি। গত ২৮ এপ্রিল থেকে রীতা হঠাৎ করেই হাসপাতালে যাওয়া বন্ধ করে দেন।
প্যাথলজি বিভাগের কর্মচারী সেলিনা বেগম গত সোমবার ডা. রীতার খোঁজ নিতে তার বাসায় যান। সেলিনা বেগম জানান, একঘণ্টা কলিং বেল বাজানোর পর মিতা এসে জানায়, রীতা নামে কেউ এ বাড়িতে থাকে না।
প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ কামাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ৭ জুন ডা. রীতাকে অনুপস্থিতির জন্য নোটিশ দিয়েছে। তিনদিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।
তিনি বলেন, রীতা--মিতা আবারও অসুস্থ হয়ে পড়েছেন কিনা সেটাই এখন চিন্তার বিষয়। সেক্ষেত্রে তাদের চিকিৎসার প্রয়োজন।
রীতা--মিতার চিকিৎসক মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. এম এ মোহিত কামাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হয়তো তারা নিয়মিত চিকিৎসা নিচ্ছেন না। তা না হলে এমন হওয়ার কথা না।
তিনি জানান, বছর খানেক আগে ভালো হয়ে বাড়ি ফেরার পর রীতা--মিতা তার সঙ্গে আর যোগাযোগ করেননি। তিনি নিজেই দুই একবার খবর নিয়েছেন। তখন তাদের অবস্থা ভালো ছিল। বিশেষ করে ডা. রীতাকে অনেকটাই সুস্থ মনে হয়েছিল। তবে মিতাকে তখনো কিছুটা হাতাশাগ্রস্ত মনে হয়েছে।
তিনি বলেন, এটা দীর্ঘ মেয়াদী রোগ। চিকিৎসাও চালাতে হয় দীর্ঘ সময় ধরে। প্রয়োজনে আবার তাদের চিকিৎসার উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক এলিনা খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রীতা--মিতাকে আমরা ৬ মাস পর্যবেক্ষণ করেছি। তারা আবারও অসুস্থ হয়ে পড়েছেন বলে শুনেছি। আমরা যাব তাদের কাছে। প্রয়োজনে আবারো চিকিৎসার ব্যবস্থা করা হবে।
রীতা ১৯৮৮ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি চাকরি ছেড়ে দেন।
মিতা ১৯৯২ সালে বুয়েট থেকে পাস করেন। তিনি সিলেট গ্যাস ফিল্ডে কাজ নেন ১৯৯৪ সালে। ১৯৯৭ সালে তিনি বুয়েটের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগেও কাজ করেন।
মায়ের মৃত্যুর পর নিজেদের বাড়িতে স্বেচ্ছা বন্দিত্বে চলে যান এই দুই বোন। ওই সময় সবার সঙ্গেই যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন তারা। বিষয়টি জানাজানি হলে ২০০৫ সালের জুলাই মাসে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রীতা ও মিতার চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেয় সরকার ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। আট মাস চিকিৎসার পর ২০০৬ সালের মার্চে বাড়ি ফিরে যান তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২০১৫ ঘ.
bdnews24