ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ১১৪ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় ভাতা কমানোর সরকারি আদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে দুই মাসের মধ্যে তাদের ২০০২ সালের ৬ ফেব্র"য়ারি থেকে বকেয়া ভাতা পরিশোধ করার নির্দেশও দেওয়া হয়েছে।
মুক্তিযোদ্ধা রফিক আহমেদ ভুইঞা এবং মোক্তার হোসেনসহ ১১৪ যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পৃথক ছয়টি রিট আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
আদালত রায়ে আশা প্রকাশ করে বলেছেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে সরকার মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস প্রথম শ্রেণি দশম শ্র্র্রেণি পর্যন্ত পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করবে।
২০০২ সালের ৬ ফেব্র"য়ারি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সারাদেশের ২ হাজার ১শ ৯৯ জন যুদ্ধাহত পঙ্গু মুুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মানী ভাতা কমানোর সিদ্ধান্ত নেয়। এসব আহত মুক্তিযোদ্ধা পঙ্গুত্বের মাত্রা অনুযায়ী ২ থেকে ৪ হাজার টাকা ভাতা পেয়ে আসছিলেন।
রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আমীর উল ইসলাম ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জে কে পাল। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাফর ইমাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/এমআই/২৩০১ ঘ.
bdnews24