নীলফামারী, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নীলফামারী শহরের বড় বাজারের বুধবার রাতে দুটি গুদামে আগুন লেগে ডিজেল, কেরোসিন, মবিল, সয়াবিন তেল, কোকাকোলা ও কয়েল পুড়ে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আগুনে পুড়ে একটি গরুর মৃত্যু হয়েছে।
নীলফামারী দমকল স্টেশনের কর্মকর্তা আবদুর রউফ জানান, গুদামদুটিতে বিপুল পরিমাণ ডিজেল, কেরোসিন, সয়াবিন তেল ও ভোগ্যপণ্য মজুদ ছিল। আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
তিন আরো জানান, বড় বাজারের এক ব্যবসায়ীর গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। গোয়াল ঘর থেকে আগুন পাশ্ববর্তী বিশ্বনাথ ভৌমিক বাপ্পী ও চিত্তরঞ্জন রায়ের গুদামে ছড়িয়ে পড়লে গুদামে রাখা কেরোসিনের ড্রামে বিস্ফোরণ ঘটে। ফলে আগুন আরো বেড়ে যায়।
এত বাপ্পীর গুদামে রাখা সাড়ে ছয় লাখ টাকার কোকাকোলা, কয়েল, সয়াবিন তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্য এবং চিত্তরঞ্জন সরকারের সাড়ে তিন লাখ টাকার কেরোসিন, মবিল ও ডিজেল পুড়ে যায়।
এসময় গোয়াল ঘরে থাকা গরুটিরও মৃত্যু হয়।
আবদুর রউফ জানান, নীলফামারী দমকল বাহিনীর দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১৩৮ ঘ.
bdnews24