ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় দলের যুক্তরাজ্য শাখার দুই নেতার বিরুদ্ধে কার্যক্রম চালানোর ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ।
একই মামলায় সিলেট আওয়ামী লীগের নেতা মেজবাহউদ্দিন সিরাজ, যুক্তরাজ্য শাখার নেতা শফিকুর রহমান চৌধুরীসহ ১৪ জনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা হবে না, তার কারণ দর্শাতে অপর একটি বেঞ্চ রুল জারি করেছে।
বৃহস্পতিবার বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা এম এ রহিম ও আবদুর রকিবের বিরুদ্ধে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম কেন বাতিল হবে না, তা জানাতেও সরকারের প্রতি রুল জারি করা হয়।
একইদিন বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ মেজবাহউদ্দিন সিরাজ, শফিকুর রহমান চৌধুরীসহ ১৪ জনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করে।
শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৪০ জনকে গত ১৪ মে সিলেটে গ্রেফতার করে যৌথবাহিনী। ওই দিনই তাদের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় জরুরি ক্ষমতা বিধিমালায় মামলা করা হয়। গত ২২ মে হাইকোর্ট থেকে এম এ রহিম, আবদুর রকিবসহ ৩৯ জন জামিন নেন। কিন্তু ২৪ মে এ সব নেতা কর্মীকে সরকার বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেয়।
বিডিনিউজ টুয়েনিটফোর ডটকম/এটি/এমআই/২০৫৬ ঘ.
bdnews24