২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার করতে গিয়ে যেন ধীরগতি না হয়: ট্রয়কা

সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ট্রয়কা প্রতিনিধি দলের নেতা আঁন্দ্রেস মিখাইলিচ বলেছেন, বাংলাদেশে নির্বাচনী ও রাজনৈতিক দলের সংস্কারের গুনগত পরিবর্তন করতে গিয়ে যেন তা ধীরগতির সৃষ্টি না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 03:31 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ট্রয়কা প্রতিনিধি দলের নেতা আঁন্দ্রেস মিখাইলিচ বলেছেন, বাংলাদেশে নির্বাচনী ও রাজনৈতিক দলের সংস্কারের গুনগত পরিবর্তন করতে গিয়ে যেন তা ধীরগতির সৃষ্টি না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। তিনি যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠান করার পক্ষে মত দেন। বুধবার বিকেলে সচিবালয়ে আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে ট্রয়কা প্রতিনিধি দলের সাক্ষাত শেষে অপেক্ষমান সাংবাদিকদের আঁন্দ্রেস মিখাইলিচ একথা বলেন। ট্রয়কা প্রতিনিধিদল দুপুরে দুর্নীতি দমন কমিশনে কমিশনার হাবিবুর রহমান, বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব আবদুল করীমের সঙ্গেও দেখা করে। রাতে তাদের সম্মানে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক নৈশ ভৌজ দেন। আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর ট্রয়কার নয় সদসের প্রতিনিধি দলের প্রধান জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিভাগের মহাপরিচালক আঁন্দ্রেস মিখাইলিচ সাংবাদিকদের বলেন, ট্রয়কা মনে করে যত দ্রুত সম্ভব সাধারণ নির্বাচন হতে হবে। সংস্কারের পর রাজনৈতিক কর্মকান্ডের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও সঠিক সময়ে তুলে নেয়া উচিৎ। মানবাধিকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। মানবাধিকার লঙ্ঘিত হলে অবশ্যই তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।" তিনি জানান, ট্রয়কা বাংলাদেশের প্রাক নির্বাচন অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও সুশাসনসহ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের নেয়া কার্যক্রম বিষয়ে সরকারসহ সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন। ট্রয়কা প্রতিনিধি দলের নেতা জানান, এটি তাদের প্রথম বাংলাদেশ সফর। তিনি বলেন, "আমরা মনে করি দেশে সংস্কারসহ পরিবর্তন হয়েছে, এর সঙ্গে সাধারণ মানুষের সমর্থন আছে।" বৈঠক শেষে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল সাংবাদিকদের মুখোমুখি হননি। এর আগে দুর্নীতি দমন কমিশনে কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর মিখাইলিচ সাংবাদিকদের বলেন, "আমরা বিশ্বাস করি দুর্নীতি দমন কমিশন দেশের নাগরিকদের অধিকার রক্ষায় স্বাধীনভাবে কাজ করছে।" এ বাংলাদেশের বর্তমান জরুরী অবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার বিষয়টি কিভাবে আপনারা দেখছেন?-- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন,"বিষয়টি খুব জটিল। এই মূহুর্তে কোনো মন্তব্য করা যাবে না।" নয় সদস্যের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত স্টিফান ফ্রোয়েন ছাড়াও টমাস রিসনিং, হেলেন ক্যাম্বেল, মিসেল সোয়ান ও ম্যানুয়েল সানটিয়াগো ছিলেন। বুধবার চার দিনের সফরে ট্রয়কা প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/জিএনএ/২১২৫ ঘ.