২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসকদের আহ্বান: সংস্কারের ফলে জেলা প্রশাসন যাতে স্থবির না হয়

বিচার বিভাগ পৃথককরণ এবং পুলিশ অধ্যাদেশ সংশোধনের ফলে জেলা প্রশাসন যাতে স্থবির হয়ে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 03:09 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিচার বিভাগ পৃথককরণ এবং পুলিশ অধ্যাদেশ সংশোধনের ফলে জেলা প্রশাসন যাতে স্থবির হয়ে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসকরা। প্রধান উপদেষ্টার কার্যালয় ও সচিবালয়ে আয়োজিত জেলা প্রশাসকদের তিন দিনব্যপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকরা এ আহ্বান জানান। অনুষ্ঠানে ৬৪ জেলার প্রশাসকের পক্ষ থেকে দু'জন বক্তব্য রাখেন। প্রধান উপদেষ্টার বক্তৃতার আগে যশোরের জেলা প্রশাসক আবুয়াল হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য যে দিক--নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে আমরা সে অনুযায়ী কাজ করছি। তিনি বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার দাবি দীর্ঘ দিনের। বর্তমান সরকার এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেছে। বিষয়টি বাস্তবায়িত হলে জেলা প্রশাসনের দুইশ বছরের কর্মপদ্ধতিতে অনেক পরিবর্তন আসবে। এর ফলে জেলা প্রশাসন যাতে স্থবির হয়ে না পড়ে সেদিকে সরকারকে দৃষ্টি দিতে হবে। তিনি আরও বলেন, পুলিশ অধ্যাদেশ সংষ্কার করা হচ্ছে। আমরা এ পদক্ষেপকে সাধুবাদ জানাই। কিন্তু এই সংষ্কারের ফলে জেলা প্রশাসন যাতে ভারসাম্যহীন হয়ে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। কুমিল্লার জেলা প্রশাসক নুরুর রহমান বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। আমরা এই চ্যালেঞ্জ বাস্তবায়নের জন্য কাজ করছি। সরকারের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন করা। আমরা এই উদ্দেশ্য বাস্তবায়নে বদ্ধপরিকর। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষের সামনে গাজীপুরের জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান বলেন, গাজীপুরে ভোটার তালিকা তৈরির পাইলট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। প্রশাসনকে এই কাজে সহায়তা করতে বলা হয়েছে। সরকারের নির্দেশে আমরা এ বিষয়ে একটি কমিটি গঠন করে দিয়েছি। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজটি সুন্দরভাবে শেষ করার চেষ্টা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকরা বক্তৃতা দেওয়ার পর বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে সিলেটের বিভাগীয় কমিশনার আজিজ হাসান বক্তব্য রাখেন। তিনি বলেন, ২৪ বছরের চাকরি জীবনে এই প্রথম দেখলাম সরকারীভাবে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করা হচ্ছে। আমলাদের কাজ জনগণের সেবা করা। কিন্তু তারা শাসকে পরিণত হয়েছিলেন। স্বাধীনতার পর থেকে নানা অবহেলায় সিভিল সার্ভিস দুর্বল হয়ে পড়েছে। নতুন শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রশাসনকে সেভাবে গড়ে তুলতে হবে। প্রশাসনিক কাজের মান বাড়াতে না পারলে সংস্কারের সুফল পাওয়া যাবে না। বিকেলে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন, কৃষি উপদেষ্টা সিএস করিম, শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদেরী ও স্বরাষ্ট্র সচিব জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জেলা প্রশাসকরা বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। জেলা প্রশাসকরা জানান, বিভিন্ন কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি রয়েছেন, যাদের অধিকাংশই লঘু অপরাধে কারাবন্দি। কারাবিধির কারণে তারা লঘু অপরাধে দণ্ডিত অপরাধীদের মুক্তি দিতে পারছেন না। এজন্য তারা স্বরাষ্ট্র সচিবকে কারাবিধি সংশোধনের প্রয়োজনের কথা বলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব আবদুল করিম সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে পুলিশ, র‌্যাব, যৌথবাহিনীসহ সংশ্লিষ্টদের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। আবদুল করিম জানান, এসিড নিক্ষেপ ও নারী নির্যাতন মামলাগুলোর ক্ষেত্রে আগে তদন্ত করে তারপর মামলা নিতে বলা হয়েছে। তাছাড়া কেউ কোনো অভিযোগ নিয়ে থানায় গেলে অভিযুক্তদের সম্পর্কে বিস্তারিত জেনে তারপর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উপদেষ্টা সিএস করিম সাংবাদিকদের বলেন, সার ও ডিজেল বণ্টন প্রক্রিয়াকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকরা যেন ঠিকমত সার ও ডিজেল পায় সেজন্য তাদেরকে কার্ড দেওয়া হবে। এজন্য জেলা প্রশাসকদের কাছে বুধবার একটি নমুনা কার্ড সরবরাহ করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদেরী বলেন, জেলা প্রশাসকদের প্রাথমিক শিক্ষার মান বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে বলেছি। শিক্ষাখাতে সরকারের বরাদ্দ করা অর্থ যেন ঠিকভাবে ব্যয় হয় সেজন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি