সাভার, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা--আরিচা মহাসড়কের সাভার বিপিএটিসির সামনে সন্ধ্যা সোয়া ৬টার দিকে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হন অর্ধশত বাসযাত্রী। এদের অনেকের অবস্থাই গুরুতর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দিনাজপুর থেকে ঢাকাগামী জাকের পরিবহনের একটি বাস অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক ও দুই যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুই যাত্রী।
নিহত কারোরই পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির। তার আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আহতদের সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তানভীর হোসেন জানান, সেখানে চিকিৎসাধীন মোফাজ্জল, খাজা, হেলাল, মমিনুল ও সুলতানার অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ। পরে তিনি আহতদের দেখতে হাসপাতালে দেখতে যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৫৭ ঘ.
bdnews24