২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অর্থ বছরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে এডিপি বরাদ্দ ৯০০ কোটি টাকা

নতুন অর্থ বছরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য এডিপিতে ৯০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে জানিয়ে এ অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, "স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য এতদিন এডিপিতে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা সময়মতো ব্যয় হতো না। আর যা ব্যয় হতো তাতেও খুব একটা ফল আসত না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 10:15 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নতুন অর্থ বছরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য এডিপিতে ৯০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে জানিয়ে এ অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, "স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য এতদিন এডিপিতে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা সময়মতো ব্যয় হতো না। আর যা ব্যয় হতো তাতেও খুব একটা ফল আসত না।" মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো ভূমি অধিগ্রহণ। এ কারণে প্রচুর সময় নষ্টের পাশাপাশি প্রকল্পের ব্যয়ও বাড়ে। এছাড়া যেসব সরকারি কর্মকর্তা প্রকল্পগুলো তৈরি করেন তাদেরও দক্ষতারও ঘাটতি রয়েছে।" ভুমি অধিগ্রহণের ক্ষেত্রে ভুমির বাজার মুল্য, সীমানা, মালিকের নাম ইত্যাদি উল্লেখের বিষয়ে সজাগ থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ শেষ করায় জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, "এগুলো না থাকলে কাজ শুরুর আগ মুহূর্তে ভুমির প্রকৃত মালিক আদালতে মামলা দায়েরসহ নানা ধরনের সমস্যা সৃষ্টি করে। ফলে অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণও সময়মতো দেওয়া যায় না।" অর্থ উপদেষ্টা জানান, নতুন বাজেটে বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত মহিলাদের ভাতা, অসুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতাসহ প্রচলিত অন্যান্য ভাতার পাশাপাশি দুস্থ দুগ্ধদানকারী মায়েদের জন্যও ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। এসব ভাতা প্রকৃত ব্যক্তিরাই যেন পায় সে বিষয়ে জেলা প্রশাসকদের দৃষ্টি রাখতে বলেন তিনি। নতুন বাজেটে কৃষি খাতে ভর্তুকি বাড়ানো হয়েছে বলে উপদেষ্টা জানান। তিনি বলেন, "ডিজেলের দাম বাড়ায় দরিদ্র কৃষকদের সুবিধার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।" দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে মির্জ্জা আজিজুল বলেন, "দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ এ সমস্যা মোকাবেলা করছে। এখন আমাদের দেশে গড় মূল্যস্ফীতি প্রায় সাত শতাংশ। প্রতিবেশী দেশগুলোর চিত্রও একই রকম। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম যে হারে বেড়েছে, দেশে কিন্তু সয়াবিন তেল ছাড়া অন্য কোনও পণ্যের দাম সে হারে বাড়েনি। তবে এ মূল্যবৃদ্ধিকে অবশ্যই সহনীয় পর্যায়ে রাখতে হবে।" তিনি জানান, জনসাধারণের সুবিধার জন্য বিডিআরের ডাল--ভাত কর্মসূচির পরিসর আরও বাড়ানো হবে। এছাড়া খাদ্য মজুদ বাড়ানোর জন্য স্থানীয় বাজার থেকে সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকেও প্রয়োজনীয় আমদানি করা হচ্ছে। তবে সরবরাহ ব্যবস্থা কোনভাবেই যেন বাধাগ্রস্ত না হয় সে জন্য জেলা প্রশাসকদের সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেন উপদেষ্টা। একই সঙ্গে রোজায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধে আগাম ব্যবস্থা নেওয়াসহ ডিজেল ও সার পাচার বন্ধ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশ দেন তিনি। জেলা প্রশাসক সম্মেলনের প্রথম অধিবেশনে মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারসহ বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসকরা নিজ নিজ জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/এএফ/এমআই/