জয়পুরহাট, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জয়পুরহাটের কালাই উপজেলার বাদাউচ্চ গ্রামের স্কুলশিক্ষক আব্দুর রহিম মাস্টারের বাড়ি থেকে মঙ্গলবার মধ্যরাতে পুলিশ আমদানি নিষিদ্ধ তিনশ ৬১ বস্তা ভারতীয় ধানবীজ উদ্ধার করেছে।
এ সময় আব্দুর রহিম মাস্টারকেও গ্রেপ্তার করে পুলিশ।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে ওই স্কুলশিক্ষক একটি চক্রের সঙ্গে যোগসাজসে আমদানী নিষিদ্ধ ধানবীজ চোরাই পথে এনে এলাকার কৃষকদের মাঝে বিক্রি করতেন।
রহিম মাস্টার একই উপজেলার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আটক ধানবীজের আনুমানিক দাম প্রায় দুলাখ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৪০৪ ঘ.
bdnews24