মানিকগঞ্জ, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---ঢাকা জেলার ধামরাই পৌরসভার চেয়ারম্যান দেওয়ান নাজিমউদ্দিন মঞ্জুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাত পৌনে ১১টায় ধামরাই পৌর এলাকার পাঠানটোলায় তার নিজ বাসভবন থেকে দেওয়ান নাজিমউদ্দিন মঞ্জুকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
পরে বুধবার সকাল ১০টায় ধামরাই থানা পুলিশের কাছে মঞ্জুকে সোপর্দ করা হয়েছে।"
তিনি জানান, নাজিমউদ্দিন মঞ্জুর বিরুদ্ধে বুধবার সকালেই পৃথক পৃথক দুইটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে ধামরাই থানায়। একটির বাদী ধামরাই পৌর এলাকার মোকাম টোলার বাসিন্দা মৃত মফিজ উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন এবং অপরটির বাদী ধামরাই কুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবর আলী।
বাদী দুজনেই মঞ্জুর বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকির মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগ করেছেন।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/প্রতিনিধি/এএফ/এসডি/১৩০৭ ঘ.
bdnews24