ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সুধা সদনে প্রবেশ করা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রীর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ও দলের নেতা কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাড়ে ৬টার কিছু পর আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাবেক সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলিসহ তিনজন সুধাসদনে ঢোকেন।
এর কিছুক্ষণ পরেই হাসিনার সঙ্গে দেখা করার জন্য মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদিকা ফরিদুন্নাহার লাইলী ও কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুন হাসান বীথি সেখানে আসেন।
এ সময় পুলিশ সদস্যরা তাদের জানান, সুধা সদনে তিনজন অবস্থান করছেন তারা বের হলে অন্যরা ঢুকতে পারবেন। এর পরপরই সন্ধ্যা ৭টার দিকে সেখানে আসেন আওয়ামী লীগের সভাপতিমন্ডিলীর সদস্য আতাউর রহমান খান কায়সার ও সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। তাদেরও একই কথা বলেন পুলিশ সদস্যরা।
সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হাসিনার নিরাপত্তায় নিয়োজিত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জিয়া ও হাসিনার ব্যক্তিগত সহকারী খালিদ মাহমুদ চৌধুরীসহ সুধা সদনের কয়েকজন কর্মচারী পুলিশ বেরিকেডের সামনে এসে তাদের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদেরও একই জবাব দেয়।্
পুলিশের এ জবাব শুনে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জিয়া জানতে চান তাদের কাছে কোনো লিখিত আদেশ আছে কি না অথবা শেখ হাসিনা গৃহবন্দী কি না।
এব্যাপারে যোগাযোগ করা হলে মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেন, সুধাসদনে একসঙ্গে চারজনের বেশি ঢুকতে দিতে মানা আছে।
সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে শেখ হাসিনার আরেক নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর মইন এসে আতাউর রহমান খান কায়সার ও জাহিদ আহসান রাসেলকে ভেতরে নিয়ে যান। ৭টা ৪৫ মিনিটে শেগুফতা ইয়াসমীন এমিলি সুধাসদন থেকে বের হয়ে এলে ফরিদুন নাহার লাইলি ও শরীফুন হাসান বীথি ভেতরে ঢোকার অনুমতি পান।
৭ট ৫৫ মিনিটে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক অবসরপ্রাপ্ত কর্ণেল ফারুক খান সুধা সদনে এলে তাকেও জানানো হয় ভেতরে যারা আছেন তারা বের হলে উনি ভেতরে যেতে পারবেন। ৮ টা ১২ মিনিটে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার বের হয়ে আসার পর ফারুক খানকে ভিতরে ঢুকতে দেওয়া হয়।
এর কিছুক্ষণ আগেই আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তাজুল ইসলাম শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা জানালে তাকেও আটকে দেওয়া হয়। তার অপেক্ষা করার সময়ই আসেন সাবেক স্পিকার ও বিরোধীদলীয় উপনেতা অ্যাড আব্দুল হামিদ। ৮ টা ৩৩ মিনিটে সুধা সদন থেকে ফরিদুর নাহার লাইলি ও শরিফুন হাসান বীথি বের হয়ে আসলে তাজুল ইসলাম ও আব্দুল হামিদ ভেতরে প্রবেশ করেন।
৮টা ৪০ মিনিটে আসেন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেছা মোশাররফ। পরে সেখানে আসেন দলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাহারা খাতুন, সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু ও ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট কামরুল ইসলাম। রাত সোয়া নয়টায় তাদের তিনজনকে ভেতরে যেতে দেওয়া হলেও আশরাফুন্নেসা মোশাররফকে ঢুকতে দেওয়া হয়নি।
প্রায় ১৫ মিনিট অপেক্ষা করে রাত সাড়ে নয়টায় সুধা সদনে ঢোকেন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ রুবেলের স্ত্রী ও তার দু'সন্তান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএএস/ডিডি/আরবি/জিএনএ/২২২৯ ঘ.
bdnews24