ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- র্যাংগস ভবন ভেঙ্গে বিজয় সরণী থেকে তেজগাঁও পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে সরকার ১২০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নের আগে সরকার এ সংক্রান্ত আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এএসএম রশিদুল হাই মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে বলেন, "র্যাংগস ভবন ভেঙ্গে ফেলার বিষয়ে আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি। ১৩ জুন আপিলের শুনানি হবে।"
তিনি বলেন, "এসংক্রান্ত একটি প্রকল্প নতুন অর্থ বছরের এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে"।
গণপূর্ত মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, র্যাংগস ভবন ভাঙ্গার জন্য সরকারের দুই ধরনের প্রস্তুতি রয়েছে। একটি হচ্ছে ডিনামাইট ব্যবহার এবং অন্যটি হাতুড়ি ব্যবহার করা। বিদেশ থেকে ডিনামাইট আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
পূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান,'এক্সটেনশন অব বিজয় সরণী আপটু তেজগাঁও ইন্ডাষ্ট্রিয়াল এরিয়া', নামের একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় বিজয় সরণী থেকে তেজগাঁও শিল্প এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার লম্বা, ৬০ ফুট চওড়া চার লেন বিশিষ্ট সড়ক নির্মাণ করা হবে। এই সড়কের মাঝে একটি রেল গেট রয়েছে। রেল গেটের ওপর দিয়ে ফ্লাইওভার করে দেয়া হবে।
সড়ক নির্মাণের জন্য মোট সাড়ে তিন একর জমির প্রয়োজন হবে। এর মধ্যে বেসরকারী মালিকদের কাছ থেকে দুুই একর জমি অধিগ্রহন করা হবে। সরকারের নিজস্ব দেড় একর জমি রয়েছে। জমি অধিগ্রহণে ব্যয় হবে ৮৫ কোটি টাকা। যা প্রকল্পের মোট ব্যয়ের ৭০ শতাংশ।
র্যাংগস ভবনের পেছন থেকে তেজগাঁও শিল্প এলাকা পর্যন্ত মোট ৬৩টি বাড়ী রয়েছে। এর মধ্যে ৩৫ টি রয়েছে টিনশেড। বাকীগুলো পাকা দালান। এসব বাড়ির ৫০ ভাগই অবৈধ। রাজউক এর অনুমোদন ছাড়াই এসব বাড়ি নির্মান করা হয়েছে। ভবনগুলো সব ভেঙ্গে ফেলা হবে।
প্রকল্প বাস্তবায়ন হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের যানজট থাকবে না। গুলশানের দিক থেকে আসা গাড়িগুলো নতুন সড়ক দিয়ে এসে সোজা মিরপুরের দিকে চলে যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইডি/ইএইচবি/জিএনএ/১৯৪১ ঘ.
bdnews24