ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দেশে প্রতিটি ক্ষেত্রে বিপর্যয়ের মতো রাজনীতিতেও অবক্ষয় হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ।
বিশ্ব পরিবেশ দিবস নিয়ে মঙ্গলবার সুধা সদনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, পরিবেশের মতো আমরা রাজনীতিকেও অবক্ষয় মুক্ত রাখতে পারিনি।
তিনি বলেন, বিশ্ব পরিবেশ দিবসের দুটি কর্মসূচি পালন করার জন্য আওয়ামী লীগ গোলটেবিল আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালনের জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু এ ব্যাপারে সরকারের কোনো জবাব পাওয়া যায়নি।
দুর্নীতির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের চলমান অভিযান আওয়ামী লীগ সমর্থন করেছে বলে জানান ড. হাসান মাহমুদ।
দুর্নীতির পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকার ও জনগণের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মঙ্গলবারও সুদা সদনে ২/৩ জনের বেশী কর্মীকে একসঙ্গে ঢুকতে দেওয়া হয়নি। সাম্প্রতিক এই কড়াকড়ি আরোপের বিষয়ে সোমবার ড. হাসান মাহমুদ কথা বলেন পুলিশের মহা--পরিদর্শক নূর মোহাম্মদের সঙ্গে। এ বিষয়ে কোনো সুরাহা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "অগ্রগতি তো দেখা যাচ্ছে না।"
এদিকে সুধা সদনের পুলিশ ব্যারিকেডের বাইরে চায়ের দোকানটিও পুলিশ তুলে দিয়েছে। মঙ্গলবার দুপুরে ব্যারিকেডের প্রায় ২০ গজ দূরে চায়ের দোকানে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে হাসান মাহমুদ কথা বলার সময় পুলিশ সদস্যরা দোকানদারকে সেটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
এ বিষয়ে ড. হাসান ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোয়ার হোসেনের সঙ্গে ফোনে কথা বললে তিনি জানান, ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসাবেই চায়ের দোকোনটি তুলে দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এসএনডি/১৪২৮ ঘ.
bdnews24