ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমান ও মতিউর রহমান নিজামীসহ ২৮ জনের বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ আরও অনেকে। (আরও তথ্যসহ ও সমন্বিত)
মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন ওই হামলায় আহত কক্সবাজার আওয়ামী লীগ কর্মী বদর আজিজ উদ্দিন। হত্যা, হত্যা প্রচেষ্টা, বিস্ফোরক ও অস্ত্র আইনে দায়ের করা মামলাটির শুনানি শেষে দুপুর দেড়টায় মহানগর হাকিম সৈয়দ মো. মুজিবুল হক আসামিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় আসামি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরী, সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শ্রম প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সাবেক হুইপ শহিদুল হক জামাল, রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, বিএনপির উপদেষ্টা হান্নান শাহ, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু, হেলালুজ্জুমান তালুকদার লালু, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, বগুড়ার বিএনপি নেতা একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া ও ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে।
এছাড়া জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক মহা পরিচালক রেজ্জাকুল হায়দার, পুলিশের সাবেক মহা পরিদর্শক মোদাব্বির হোসেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাবেক অতিরিক্ত মহা পরিদর্শক ফারুক আহম্মেদ এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার খোদা বক্স ও ইসলামি ব্যাংকের তখনকার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককেও এই মামলায় আসামি করা হয়েছে।
মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শ্রম সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের চেয়ারম্যান শওকত আলী, নারায়ণগঞ্জের গোলাম মোস্তফা, কক্সবাজারের মাওলানা আলিম উদ্দিন এবং ঢাকার সবুজবাগের মোছাম্মৎ রাজিয়াকে সাক্ষী করা হয়েছে। এছাড়া নাম উল্লেখ না করে আরও শতাধিক সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে, যারা বিচারের সময় সাক্ষ্য দেবেন।
অভিযোগে বলা হয়েছে, ২০০৪ সালের ২১ আগস্ট বিকালে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর মামলার আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষে ইঙ্গিতে বা নির্দেশে সন্ত্রাসীদের বাঁচানোর জন্য ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে ফেলা হয়। তারা এনটিভিতে প্রচারিত সিডি ও ভিডিও ক্যাসেটও লুকিয়ে ফেলেন।
অভিযোগে আরও বলা হয়েছে, সাবেক ক্ষমতাসীন চারদলীয় ঐক্যজোট নেত্রী খালেদা জিয়া ও তার কয়েক সহকর্মী গ্রেনেড হামলার আগে শেখ হাসিনাকে দেওয়া সন্ত্রাসীদের হত্যার হুমকি সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য ও কটাক্ষ করেছেন। তারা শেখ হাসিনা ও বাদীসহ অন্য নেতাদের হত্যার চেষ্টা করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/এসডি/এসএনডি/কেএম/১৬২৯ঘ.
bdnews24