ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালু, সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেন এবং সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় র্যাব ও পুলিশের কড়া পাহারায় তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়।
কারা উপ--মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফালু এবং সালাউদ্দিনকে দাঁতের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের দাঁতের ফিলিং করা হবে।
অন্যদিকে আখতার হোসেনের ডায়াবেটিস এবং ইউরিনের সমস্যা আছে। হাসপাতালে তার কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে মেজর সিদ্দিকী জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এএফ/এসএনডি/১৩১০ ঘ.
bdnews24