ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ব্রাহ্মণবাড়িয়া ও চুয়াডাঙ্গায় সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা--সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরা এলাকায় সোমবার সন্ধ্যা ৬ টায় একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একজন মারা যায়। নিহতের নাম কাশেম মোল্লা (৩৫)। এ ঘটনায় আহত হয় আরও ৩৫ জন যাত্রী।
গুরুতর আহত আটজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী বুলবুল হোসেন জানান, সন্ধ্যা ৬ টার দিকে দ্রুতগামী সৈকত পরিবহন নামের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে প্রায় ৩৫ জন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ--পরিদর্শক (এসআই) আশিষ দাস জানান, বাসের নিচে কোন লাশ চাপা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দমকল বাহিনী পানির নিচে তল্লাশি চালাচ্ছে।
চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার মনোহরপুর বাসস্ট্যান্ডের কাছে শ্যালো ইঞ্জিনচালিত করিমন ও পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
নিহতরা হলেন, জীবননগর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রহিমা খাতুন (৩৮) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার সাজিয়া গ্রামের হ্যাপি (৩৫)। এদের মধ্যে হ্যাপি ঘটনাস্থরে এবং রহিমা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আহতরা হলেন, জীবননগর উপজেলার পেয়ারাতলার আবদুল আলিম (২৭), বাঘাডাঙ্গা গ্রামের আবদুল হান্নান (৩২), জসিম উদ্দিন (৩৮), ফুরকান আলী (৩০) ও মহির উদ্দিন (৪০)।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই করিমনের যাত্রী ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/প্রতিনিধি/এমএআর/এসডি/২০৩৫ ঘ.
bdnews24