ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে রাজধানীতে আবারও ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি।
সোমবার সকালে সোনারগাঁও সড়কে এইচএসবিসি ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে ফেরার পথে ঢাকা ক্লাবের কর্মচারী কাজল আহম্মেদ রনি (২৮) ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার মাথায় আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। আহত কাজলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, কাজল সকাল সাড়ে নয়টার দিকে সোনারগাঁও সড়কের অ্যাংকর টাওয়ারে অবস্থিত এইচএসবিসি ব্যাংক থেকে ঢাকা ক্লাবের এক সদস্যের টাকা তুলে সিএনজি অটোরিকশায় চড়ে ক্লাবে ফিরছিলেন। পরীবাগে আসার পর দুই ছিনতাইকারী জোর করে তার সিএনজিতে উঠে পড়ে। তারা কাজলের মাথায় আঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে অজ্ঞান অবস্থায় এক রিকশাচালক কাজলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যাংকটি আমার থানা এলাকার মধ্যে হলেও ঘটনাস্থল পরীবাগ শাহবাগ থানার মধ্যে পড়েছে। এ ব্যাপারে শাহবাগ থানা পুলিশই ভালো বলতে পারবে।"
অন্যদিকে শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ--পরিদর্শক আনোয়ারা বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এ ব্যাপারে তার কিছুই জানা নেই।"
এর আগে গত ২৪ মে ঢাকা মহানগর পুলিশ যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যাংক থেকে টাকা তোলার পর পুলিশি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওইদিন দুপুরে রাজধানীর সাতমসজিদ সড়কের একটি ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর ছিনতাইকারীর গুলিতে সেনা কর্মকর্তার ছেলে আরেফিন আলম রুশো নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "টাকা তোলার আগে আমাদের না জানালে কি করার আছে?"
নফহবংি২৪.পড়স/এএনএস/এসডি/১৯২৮ ঘ.
bdnews24