মোকাররম হোসেন শুভ
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গুলশান--বারিধারা লেকে গোসল করার শাস্তি দশ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড। প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করায় রাখা হয়েছে এমন কঠোর শাস্তির বিধান।
অবশ্য সেখানে গোসল করায় এ ধরনের কঠোর শাস্তি কাউকে পেতে হয়েছে তেমন কথা কখনো শোনা যায়নি। এমনকি লেক অবাধে দখল করে সেখানে অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করার পরও কাউকে এ পর্যন্ত সাজার মুখোমুখি হতে হয়নি। দখল প্রক্রিয়ায় কখনো বাধাও আসেনি পরিবেশ অধিদপ্তর অথবা আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে। লেকটিকে রক্ষার কথা বলে তৈরি করা সব বিধিবিধান কেবল কাগুজে বিষয় হয়েই রয়েছে। আরও জানচ্ছেন মোকাররম হোসেন শুভ।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনের কঠোরতা মানুষকে অপরাধ করা থেকে নিবৃত্ত করে। তবে এর সঠিক প্রয়োগ না হলে সমস্যা থেকেই যাবে।"
গুলশান--বারিধার লেকের বর্তমান দুরবস্থার জন্য বিভিন্ন সংস্থাকে দায়ী করে তিনি বলেন, "হয় দুর্বলতা ও দক্ষতার অভাব, নয়তো দুর্নীতির কারণে পরিবেশ অধিদপ্তর কোনো পদক্ষেপ নেয়নি। রাজউকও দখল--বেদখল ও পরিবেশগত বিপর্যয় সম্পর্কে চোখ বন্ধ করে আছে।" ।
২০০১ সালের ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে গুলশান--বারিধারা লেকে শিকার, প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ধ্বংসের কার্যকলাপ, ভূমি ও পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্টের কাজ, শিল্প প্রতিষ্ঠান স্থাপনসহ গোসল করা, কাপড় কাঁচা ও বর্জ্য ত্যাগ নিষিদ্ধ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পরিবেশ অধিদপ্তরে কর্মকর্তারা অবশ্য বলেছেন, অভিজাত এলাকা বলেই গুলশান--বাড়িধারা লেকটিকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। তৈরি করা হয়েছে কঠোর বিধিবিধান। অথচ এর চেয়ে জরুরি বুড়িগঙ্গা সংরক্ষণের কোনো উদ্যোগই নেওয়া হয়নি।
কর্মকর্তারা দাবি করেন, সংকটাপন্ন এলাকা ঘোষণা করার পরও প্রভাবশালীরা লেকটিতে একের পর এক দখল ও ভবন নির্মাণ করছে। অধিদপ্তরকে এসব দেখেও না দেখার ভান করতে হয়। জোট সরকারের আমলে গুলশানে একাধিক মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তি বাড়ি করলেও এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি বলেও জানান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কঠোর আইনের পাশাপাশি ক্রমাগত আইন লঙ্ঘনের ঘটনাকে "বজ্র আটুনি ফস্কা গেড়ো" বলে মন্তব্য করেন।
পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত অবশ্য গুলশান লেককে প্রতিবেশ সংকটাপন্ন এলাকার ঘোষণার পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, "প্রাকৃতিক এ লেকটিতে জীববৈচিত্র্য সংরক্ষণ কোনো অংশে কম জরুরি নয়। ব্যাপকভাবে ভরাট ও দখল হওয়ার পরিপ্রেক্ষিতে পরিবেশ মন্ত্রণালয় সেখানে বিশেষ মনোযোগ সৃষ্টির মাধ্যমে সেটি রোধের চেষ্টা করেছিল।"
পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের তদারকি ও মূল্যায়ন কর্মকর্তা মো. আবু সুমন বলেন, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হলেও লোকবল ও অর্থাভাবে লেক এলাকায় যথেষ্ঠ মনোযোগ দেওয়া যায়নি। এখন পর্যন্ত আটটি সংকটপন্ন এলাকার মধ্যে কেবল চারটিতে প্রকল্প গ্রহণ করে কাজ করছে পরিবেশ অধিদপ্তর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসএনডি/১৭১৩ ঘ.
bdnews24