ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অবৈধ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গণিকে আরও পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
ওসমান গণিকে চার দিনের রিমান্ড শেষে সোমবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করার পর বিচারক শফিক আনোয়ার নতুন করে এই রিমান্ড মঞ্জুর করেন।
আগের রিমান্ড ফেরত প্রতিবেদনে উত্তরা থানার উপ--পরিদর্শক মো. মিজানুর রহমান আদালতকে বলেন, "জিজ্ঞাসাবাদে ওসমান গণির বিপুল অবৈধ সম্পদের হদিস পাওয়া গেছে। এই সম্পদ অর্জনে সহায়তাকারীদের পরিচয় উদ্ধারের জন্য তাকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।"
এ সময় ওসমান গণির আইনজীবী সাইফুর রশীদ সবুজ রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। দুই পক্ষের শুননি শেষে আদালত আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৯ মে প্রধান বন সংরক্ষকের বিরুদ্ধে পাসর্পোট আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ওই রিমান্ড এখনো কার্যকর হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএফ/এসএনডি/জেকে/১৬১৮ ঘ.
bdnews24