কুষ্টিয়া, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কুষ্টিয়ায় রোববার মাঝ রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যৌথবাহিনী অভিযান চালিয়ে তিন এনজিও কর্মকর্তা ও আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারার এনজিও 'উদ্দীপন' এর আঞ্চলিক ব্যবস্থাপক আইয়ুব হোসেন, এলাকা ব্যবস্থাপক মুরতাজুল হক, শাখা ব্যবস্থাপক রায়হান উদ্দিন চৌধুরী ও দৌলতপুর উপজেলার আড়িয়া ইউপির চেয়ারম্যান বিএনপি নেতা জামাল উদ্দিন দুলাল মোল্লা।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, রোববার রাত ১টার দিকে উপজেলার দক্ষিণ রেলগেট এলাকার উদ্দীপন কার্যালয় থেকে ওই তিনি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন জানান, সোমবার ভোরে শহরের কালিশংকরপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন দুলাল মোল্লাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
তার বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৪১৮ ঘ.
bdnews24