ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বুকে ব্যথার কারণে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে।
বিএসএমএমইউ--এর একজন চিকিৎসক নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে জলিলকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাত ১০টা ৪০ মিনিটে তাকে ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টারের সিসিইউতে নেওয়া হয়।
উপ কারা মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আব্দুল জলিলের হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। তাকে রাত ৯টায় কারাগার থেকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। চিকিৎসকরা পরীানিরীা পর তাকে কতদিন হাসপাতালে অবস্থান করতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।"
প্রসঙ্গত, চারদিনের রিমান্ড শেষে রোববার বিকাল চারটা ২০ মিনিটে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম আব্দুর রউফ খান।
আবদুল জলিলকে ২৮ মে বিকালে মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আটক করে যৌথবাহিনী। পরদিন আদালত তাকে চারদিন রিমান্ডে পাঠানোর আদেশ দেয়।
বিডিনিউচ টুয়েন্টিফোর ডট কম/এএনএস/এমআরএফ/এমএইচবি/২৩১২ ঘ.
bdnews24