ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম এবং কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানের বিরুদ্ধে ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতির মামলাটি বিচারের জন্য বিশেষ আদালতে পাঠানো হয়েছে।
রোববার সকালে ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে অভিযোগ গঠনের জন্য ধার্য দিনে বিচারক মালিক আব্দুল্লাহ আল আমীন মামলাটি সংসদ ভবনের বিশেষ আদালত--৩ পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে আগামী ৬ জুন বিশেষ আদালতে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করে দেন তিনি।
নাসিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হলেও বিদেশে চিকিৎসাধীন থাকার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি এএইচএস রহমান।
মামলার অভিযোগে বলা হয়, তিন লাখ টেলিফোন লাইন স্থাপনের জন্য ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী থাকার সময় নাসিম ওয়ার্ল্ডটেল হোল্ডিং লিমিটেডকে টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই কাজ দেন। এই ঘটনায় দুর্নীতির অভিযোগে ২০০২ সালের ৮ জানুয়ারি দুর্নীতি দমন ব্যুরো এই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/এসএনডি/
bdnews24