ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ রোববার টাঙ্গাইলে জাতীয় বৃক্ষরোপন আন্দোলন ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জেলা সদর মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের মঞ্চে তিনি মাথা ঘুরে পড়ে গেলে তাকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গরমে পানিশূন্য হয়ে পড়ায় তিনি অজ্ঞান হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পর দুপুরে তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁর রক্তচাপ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন সিএমএইচের চিকিৎসকরা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম বেলা ১২টা ৫৫ মিনিটে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে বলেন, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রধান উপদেষ্টা। এখন তিনি সুস্থ আছেন এবং বিশ্রাম নিচ্ছেন।
টাঙ্গাইল থেকে তাকে ঢাকায় এনে দুপুর ২ টায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিঢোর ডটকমকে বলেছেন, "সম্মিলিত সামরিক হাসপাতালে আনার পর প্রধান উপদেষ্টার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয়েছে। তার রক্তচাপ স্বাভাবিক আছে বলে ডাক্তাররা জানিয়েছেন।"
আমিনুল ইসলাম আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি সুস্থ আছেন। বিকাল সাড়ে পাঁচটায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, রোববার সকাল ১০টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টা টাঙ্গাইল জেলা সদর মাঠে আয়োজিত বৃক্ষরোপন অনুষ্ঠানে এসে পৌঁছান। ১০ টা ৩৫ মিনিটের দিকে তিনি তাঁর বক্তৃতা শুরু করেন। টানা বক্তৃতা চলাকালে ১১ টা ৪১ মিনিটের দিকে তিনি মঞ্চে মাথা ঘুরে পড়ে যান। এসময় আইন--শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁকে ঘিরে ফেলে।
প্রতিনিধি আরও জানান, মাথা ঘুরে পড়ে যাওয়ার আগ মুহূর্তে ফখরুদ্দীন আহমদ পানি খেতে চেয়েছিলেন। কিন্তু পানি নিয়ে খাওয়ার আগেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
এসময় অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাংবাদিকদের তখন সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি।
জেনারেল হাসপাতালের কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ড. কামরুল আহসান প্রধান উপদেষ্টার চিকিৎসা করেন।
জেলা ডেপুটি সিভিল সার্জন ড. ফিরোজ খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে বলেন, গরমের কারণে পানিশূন্য হয়ে পড়ায় তিনি অজ্ঞান হয়ে যান। হাসপাতালে নিয়ে আসার পর তাঁকে আইভি ফ্লুইড দেওয়া হয়। পরে তিনি ঢাকা থেকে সঙ্গে নিয়ে আসা স্যুপ জাতীয় খাবার খান এবং সুস্থ বোধ করেন।
প্রতিনিধি আরও জানান, বেলা ১টা ০৫ মিনিটে হাসপাতাল থেকে তাঁকে বের করে হেলিপ্যাডে নিয়ে আসা হয় এবং ১টা ১৫ মিনিটে তাঁকে নিয়ে হেলিকপ্টার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচডি/আরবি/কেএম/এসডি/১৪০৯ ঘ.
bdnews24