ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর হাজারীবাগ থানার চর ওয়াচপুরে শুক্রবার জোড়া খুনের ঘটনায় নিহত আলমের ভাই আলতাফ হোসেন শনিবার টিল্লু হাজীসহ নয়জনকে আসামি করে হাজারীবাগ থানায় একটি মামলা করেছেন।
এদিকে ওই ঘটনায় গ্রেপ্তার মুসলিম ও তার মেয়ে সুমিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
হাজারীবাগ থানার উপ--পরিদর্শক মো. লিয়াকত আলী জানান, মুসলিম ও তার মেয়ে সুমিকে রিমান্ডে নেওয়ার জন্য মূখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করা হয়েছে। এজাহারভুক্ত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত শুক্রবার সকালে মো. আলম (৩২), মনির হোসেন (৩০) ও স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে ঠিকাদার মোহাম্মদ স্বপন চর ওয়াচপুর এলাকায় একটি কালভার্ট নির্মাণ শুরু করেন। এসময় পাশের জমির মালিক টিল্লু হাজী ও তার ছেলেরা জমির দাম বাবদ দুই লাখ টাকা দাবি করে কাজ বন্ধ করে দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে টিল্লু হাজী ও তার ছেলে ইয়াছিন, নাসির, আহমদ, মোহাম্মদ, লোকমান, রহমান ও মেয়ের জামাই মুসলিম ঠিকাদার ও তার লোকজনের ওপর হামালা চালায়। সংঘর্ষে মোহাম্মদ আলম ও মনির হোসেন নিহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/জেকে/২৩৩২ ঘ.
bdnews24