২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীনগরে ধান মাড়াই নিয়ে সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মীরপুর গ্রামে ধান মাড়াইকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদিকে নবীনগরের একইছড়া গ্রামে গত বৃহস্পতিবারে সংঘর্ষে আহত কালন মিয়া (৪২) শনিবার মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 03:40 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মীরপুর গ্রামে ধান মাড়াইকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদিকে নবীনগরের একইছড়া গ্রামে গত বৃহস্পতিবারে সংঘর্ষে আহত কালন মিয়া (৪২) শনিবার মারা গেছেন। নবীনগরের বিটঘর ইউনিয়নের মীরপুর গ্রামের সংঘর্ষে আহত খুরশেদুল ইসলাম (১৬) জানান, শনিবার দুপুরে ধান মাড়াইকে কেন্দ্র করে জয়নাল মিয়া ও রওশন মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রায় ২০ জন আহত হন। গুরুতর আহত জয়নাল মিয়া (৪০), হালিমা বেগম (৪৫), মরিয়াম বেগম (৩০) ও আমেনা বেগমকে (২৫) নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহাবুবুর রহমান জানান, এই সংঘর্ষের বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। এদিকে নবীনগরের একইছড়া গ্রামে গত বৃহস্পতিবার গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে আহত কালন মিয়া (৪২) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে তার মৃত্যু হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহাবুবুর রহমান জানান, বৃহস্পতিবার এ বিষয়ে একটি মামলা হয়েছিল। এখন মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হবে। পুলিশ এ ব্যাপারে মঞ্জু মিয়া (৩৮) ও এলেম খাঁ (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১৩৩ ঘ.