ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পুরান ঢাকার তাঁতিবাজারের একটি বাসা থেকে শনিবার দুপুরে রাসেল (২৫) নামের এক ঘড়ি মেরামতকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাসেল বরিশালের করাটি এলাকার সেকেন্দার আলীর ছেলে। পুলিশের ধারণা, অতিরিক্ত গরমে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, দুপুর দুইটার দিকে ১৯/১, সুতারনগর তাঁতিবাজারে রাসেলের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রাসেল পাটুয়াটুলি এলাকার একজন ভ্রাম্যমাণ ঘড়ি মেরামতকারী। দুপুরে এক ব্যাক্তি তার মেরামত করতে দেওয়া ঘড়ি ফেরত নিতে রাসেলের বাসায় যান। সেখানে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন তিনি।
কামরুল ইসলাম বলেন, "রাসেল যে ঘরে থকাতেন সেখানে কোনো আলো বাতাস নেই। অতিরিক্ত গরমে তার মৃত্যু হয়ে থাকতে পারে।"
তিনি জানান, এ ব্যাপারে কোতয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/জেকে/২১০৯ ঘ.
bdnews24