বাগেরহাট, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম )-- মোরেলগঞ্জ উপজেলায় ডালিম খান (১৬) নামে এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রামচন্দ্রপুর ইউনিয়নের আলতু গ্রামে শুক্রবার গভীর রাতের কোনও এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে নিহতের পরিবার।
নিহতের বাবা লাল মিঞা জানান, গরমের কারণে ওই রাতে সে বাড়ির সামনের মাঠে ঘুমাচ্ছিল।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে জানান, পরিবারের সদস্যরা ভোরে মাঠের দক্ষিণ পাশে মশারীর ভেতর থেকে ডালিমের লাশ উদ্ধার করে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় লাল মিঞা বাদী হয়ে কোনও আসামীর নাম উল্লেখ না করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএফ/এমআই/১৫২০ ঘ.
bdnews24