কুমিল্লা, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কুমিল্লা থেকে অপহরণের তিনদিন পর স্কুল ছাত্রী ছিদরাতুল মুলতাহা হৃদিকে (১৩) শুক্রবার বিকেলে ঢাকার ধানমণ্ডি থেকে উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সহায়তায় শুক্রবার দুপুরে ঢাকার ধানমণ্ডির একটি ফোন ফ্যাক্সের দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
কুমিল্লা কোতয়ালী থানার উপ--পরিদর্শক রওশন আলী হৃদিকে সন্ধ্যায় কুমিল্লায় নিয়ে আসেন। পরে তাকে তার মা বাবার কাছে হস্তান্তর করা হয়। মেয়েকে পেয়ে মা--বাবা ও স্বজনরা আনন্দে কেঁদে ফেলেন।
রওশন আলী জানান, কুমিল্লার ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও শহরের তালপুকুর পাড় এলাকার শিক্ষা কর্মকর্তা শহীদুল হক মোল্লার মেয়ে হৃদি বুধবার দুপুরে কুমিল্লা জিলা স্কুল রোডে শিক্ষক আবদুর রহিমের বাসায় কোচিং করতে যান। এরপর সে আর বাসায় ফেরেনি।
পরে হৃদির বাবা শহিদুল হক এ বিষয়ে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর অপহরণকারীরা রাত ১০টার দিকে মোবাইল ফোনে হৃদির বাবা--মার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অপহরণকারীরা বৃহস্পতিবার আবার ফোন করে কার্ডের মাধ্যমে টাকা পাঠানোর দাবি জানিয়ে ফোন বন্ধ করে দেয়।
এরপর কোতয়ালী থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে ফোন মালিকের ঠিকানা উদ্ধার করে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালায়।
অপহরণকারীরা অভিযানের বিষয়টি টের পেয়ে শুক্রবার দুপুরে ধানমণ্ডি আবাসিক এলাকার একটি ফোন ফ্যাক্সের দোকানে হৃদিকে রেখে যায়। পুলিশ সেখান থেকে হৃদিকে উদ্ধার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২২২৫ ঘ.
bdnews24