খুলনা, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, একজন সাবেক প্রতিমন্ত্রী একটি হত্যা মামলা থেকে এক আসামিকে রেহাই দিতে ২০ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। পুলিশ এতোদিন ওইসব এমপি--মন্ত্রীদের হয়ে কাজ করেছিল। এ কারণেই সাধারণ মানুষ পুলিশের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে।
শুক্রবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
আইজিপি বলেন, সাধারণ মানুষের মনে পুলিশ সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তারা মনে করেন পুলিশ মানেই দুর্নীতি, অর্থ বাণিজ্য আর সেবার নামে মানুষকে হয়রানি করা।
সাবেক এক প্রতিমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, "একটি হত্যা মামলা থেকে এক আসামিকে রেহাই দিতে সাবেক এক প্রতিমন্ত্রী ২০ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। পুলিশ এতোদিন ওইসব এমপি--মন্ত্রীদের হয়ে কাজ করেছিল। এ কারণেই পুলিশের ওপর থেকে সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছে।"
গত বৃহস্পতি ও শুক্রবার দেশের কয়েকটি দৈনিক পত্রিকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ২০ কোটি টাকা ঘুষ নেওয়ার খবরটি প্রকাশিত হয়। ওই খবরের উদ্ধৃতি দিয়ে আইজিপি এ কথা বলেন।
আইজিপি আরো বলেন, "এখন পরিস্থিতি পাল্টে গেছে। সাধারণ মানুষের কথা বলার সময় এসেছে। পুলিশের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা হয়রানির অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করা হবে।"
কেএমপি কমিশনার মো. নাজমুল হকের সভাপতিত্বে সোনাডাঙ্গা মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য করেন কেএমপির অতিরিক্ত কমিশনার বেগম রওশন আরা।
সকালে আইজিপি কেএমপি কমিশনারের সভাকক্ষে খুলনা রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেন।
বিকালে তিনি খুলনা ডিআইজির নতুন কার্যলয় উদ্বোধন শেষে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/জিএনএ/২০৫৩ ঘ.
bdnews24