২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরুজ্জামান হত্যামামলায় স্ত্রী ও শ্বশুর রিমান্ডে

সিটি ব্যাংকের ব্যবস্থাপক কামরুজ্জামান হত্যামামলায় নবপরিণীতা স্ত্রী মরিয়াম মদিনা ও শ্বশুর আবুল হাশেমকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 03:58 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ফরিদপুর, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিটি ব্যাংকের ব্যবস্থাপক কামরুজ্জামান হত্যামামলায় নবপরিণীতা স্ত্রী মরিয়াম মদিনা ও শ্বশুর আবুল হাশেমকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। ফরিদপুর থানা পুলিশ বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের তিনি দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। একইদিন সকালে কামরুজ্জামানের ভাই আবদুর রাজ্জাক কোতোয়ালি থানায় একটি অপহরণ ও হত্যা মামলা করেন। মরিয়াম মাদানী ও আবুল হাশেমকে ওই মামলায়ই গ্রেপ্তার দেখানো হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম শেখ কিছু জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, "তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের বিষয়ে কিছু বলা যাচ্ছে না।" এদিকে বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে কামরুজ্জামানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শহরের ঝিলটুলী এলাকা থেকে গত শনিবার বিকেলে নিখোঁজ হন ফরিদপুর সিটি ব্যাংকের ব্যবস্থাপক এইচ এম কামরুজ্জামান। বুধবার বিকালে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যকূল এলাকার পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। কামরুজ্জামান গত ২৫ মে বিয়ে করেন ঢাকার ক্যান্টমেন্ট থানার কাফরুল এলাকার আবুল হাশেমের মেয়ে মরিয়াম মদিনাকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৪৭ ঘ.