হবিগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- ঘুষ নেওয়ার অভিযোগে ওএসডি ( বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করার কয়েক ঘণ্টার মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে এগারটার দিকে যৌথবাহিনী লুৎফর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে যায়। ওই রাতেই তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। এর আগে বিকেলে তাকে ওএসডি করা হয়।
তার বিরুদ্ধে দুর্নীতি আইনে একটি মামলা করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার উপ--পরিদর্শক শাহ মুহম্মদ মুবাশ্বির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, গোপায়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সোনা মিয়া বুধবার দুপুরে সরকারি বাসভবনের দেওয়াল পুর্ননির্মাণের জন্য বরাদ্দ চাল বিক্রির ১২ হাজার টাকা ইউএনও লুৎফর রহমানকে দেন। এসময় যৌথবাহিনী তাকে টাকাসহ আটক করে হবিগঞ্জ ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে জেলা প্রশাসক আতাউর রহমানের কাছে হস্তাস্তর করা হয়। সেখান থেকে ইউএনও তার বাসায় চলে যান।
ওইদিনই অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) জ্যোতি লাল কুড়িকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বিষয়টি জানার পর সাংবাদিকরা জেলা প্রশাসক মো. আতাউর রহমানের এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, "ইউএনও অনিয়ম করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি জানান, প্রকল্পের চেয়ারম্যান ইউপি মেম্বার সোনা মিয়াকে চাল বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু চাল বিক্রির টাকা তিনি নিয়ম অনুযায়ী জেলা প্রশাসকের হাতে না দিয়ে ইউএনওকে দিয়েছেন।
এ বিষয়ে লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, "সোনা মিয়া আমার কাছে টাকা জমা রাখতে এসেছিলেন, এর বেশি কিছু আমি জানি না।"
সোনা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ইউএনও স্যার চাল বিক্রির টাকা তার হাতেই জমা দিতে বলেছিলেন। এর আগে মঙ্গলবার আরও ২০ হাজার টাকা স্যারের কাছে জমা দিয়েছি।"
এরপর বুধবার রাত সাড়ে ১১টার দিকে যৌথবাহিনী লুৎফর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে যায়। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসকের ব্যক্তিগত সহকারী দরবেশ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লুৎফর রহমানকে বুধবার বিকেলে ওএসডি করা হয়েছে। রাত ১১টার দিকে এ বিষয়ক সংস্থাপন মন্ত্রণালয়ের চিঠি তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
উপ--পরিদর্শক শাহ মুহম্মদ মুবাশ্বির জানান, টাকা নেওয়ার বিষয়টিকে ঘুষ হিসেবে গণ্য করে হবিগঞ্জ সদর থানায় লুৎফর রহমানের বিরুদ্ধে দুর্নীতি আইনে একটি মামলা করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে লুৎফর রহমানকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সিলেট বিভাগের দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক নাসির উদ্দিন জানান, দুর্নীতি দমন কমিশন এই মামলার তদন্ত করবে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/প্রতিনিধি/এএফ/জেকে/১৪১৭ ঘ.
bdnews24