২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে র‌্যাবের সঙ্গে হাতাহাতি, রেলপুলিশের তিন কনস্টেবল ক্লোজড

ফেনী রেলওয়ে স্টেশনে মঙ্গলবার দুপুরে মালামাল পরিবহন নিয়ে রেল পুলিশের সঙ্গে দুই র‌্যাব সদস্যের হাতাহাতির ঘটনায় বুধবার রেল পুলিশের তিন কনস্টবলকে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 04:23 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ফেনী, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ফেনী রেলওয়ে স্টেশনে মঙ্গলবার দুপুরে মালামাল পরিবহন নিয়ে রেল পুলিশের সঙ্গে দুই র‌্যাব সদস্যের হাতাহাতির ঘটনায় বুধবার রেল পুলিশের তিন কনস্টবলকে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে র‌্যাবের সার্জেন্ট শাহজাহান গাজী ও ল্যান্স কর্পোরাল হাফিজুর রহমান সাদা পোশাকে র‌্যাব--৭ এর টাওয়ার নির্মাণের সরঞ্জাম নিয়ে ঢাকা যাওয়ার জন্য ফেনী রেলওয়ে স্টেশনে যান। তারা মালামাল বহনকারী ভ্যানগাড়িটি প্ল্যাটফরমের ভেতর দিয়ে গাড়ির কাছাকাছি নিয়ে যেতে চাইলে রেল পুলিশের কনস্টেবল মো. মোস্তফা (৬০) বাধা দেন। কনস্টেবল মো. মোস্তফা র‌্যাব সদস্যদের জানান, প্ল্যাটফরমে ভ্যান ঢোকানো নিষিদ্ধ। ভ্যানটি বাইরে রেখে কুলিদের সাহায্যে মালামাল ট্রেনে তোলার জন্য র‌্যাব সদস্যদের অনুরোধ জানান তিনি। র‌্যাব সদস্যরা তাকে বলেন, এগুলো সরকারি মাল। ভ্যানে করে নিলে কোনো সমস্যা নেই। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হলে রেলওয়ে স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রেল কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। খবর পেয়ে ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান ও র‌্যাবের ফেনী ক্যাম্পের কমান্ডার হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার রেল পুলিশের কনস্টেবল মো. মোস্তফা, নিখিল রঞ্জন ভৌমিক ও দেলোয়ারকে ক্লোজড করা হয়। রেল পুলিশের এসপি (সদর) আবু তাহের এ আদেশ দেন। রেল পুলিশের ফাঁড়ি ইনচার্জ মো. শাহপরান জানান, বিষয়টি তদন্তের জন্য সহকারি উপপরিদর্শক (জিআরপি) আবু তাহেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে র‌্যাব--৭ জানায়, র‌্যাবের গোয়েন্দা উইং বিষয়টি তদন্ত করছে। রেল পুলিশের অভিযুক্ত কনস্টবল মো. মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, র‌্যাব সদস্যরা নিজেদের পরিচয় না দিয়ে উল্টো দুর্ব্যবহার করায় এই অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, র‌্যাব সদস্যরা তাকে মারধরও করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমএইচবি/২২০৫ ঘ.