২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক উপমন্ত্রী পিন্টু ও ছাত্রদল নেতা টুকুর বিরুদ্ধে মামলা

সাবেক তথ্য উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু ও তার ছোট ভাই ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

টাঙ্গাইল, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সাবেক তথ্য উপমন্ত্রী ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু ও তার ছোট ভাই ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। বুধবার টাঙ্গাইল প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন গোপালপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান আজাদ। এতে পিন্টু ও টুকু ছাড়াও কয়েকশ বিএনপি নেতা কর্মীকে আসামী করা হয়। নাম উল্লেখ করা হয়েছে এমন আসামীদের মধ্যে রয়েছেন, গোপালপুর পৌরসভার চেয়ারম্যান আবদুল কাদের উজ্জ্বল, শহর বিএনপির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, যুবদল নেতা প্রলয় কুন্ডু, ভোজেন বাবু, চান মিয়া, জাহাঙ্গীর হোসেন, থানা ছাত্রদল নেতা জসিম উদ্দিন জুয়েল, মজনু মিয়া। বাকিদের নাম উল্লেখ করা হয়নি। বিচারক দেওয়ান মাহমুদুল হক গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০৬ সালের ২৬ মার্চ দুপুর একটায় আওয়ামী লীগের একটি মিছিল গোপালপুর স্টেডিয়াম থেকে বেরিয়ে বাজারের দিকে যাওয়ার সময় বিএনপি অফিসের সামনে পৌঁছলে আসামীরা বোমা ও অস্ত্র সস্ত্র নিয়ে ওই মিছিলের ওপর হামলা চালায়। তবে বিষয়টি নিয়ে চেষ্টা করেও আবদুস সালাম পিন্টুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৫৫ ঘ.