ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টুকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়া বরিশালের মেয়র মুজিবুর রহমান সরোয়ারকে কারাগারে পাঠানো হয়েছে।
শেখ সেলিম, মিন্টু ও সারোয়ারকে বেলা সাড়ে তিনটার একটু পরে আদালতে হাজির করা হয় । যৌথবাহিনী তাদের মঙ্গলবার আটক করে। রিমান্ড আবেদনের পাশাপাশি শেখ সেলিম ও মিন্টুকে আটকাদেশের প্রস্তাবও দিয়েছে সরকার।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় শেখ সেলিম আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী থাকাকালে অবৈধভাাবে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন এ অভিযোগ আনা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে তাকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত সেলিমকে তিন দিনের রিমান্ডে পাঠান।
এছাড়া দুর্নীতি ও রাষ্ট্রের আর্থিক ক্ষতি করার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টুকে সাতদিন রিমান্ডে নেওয়ার জন্য বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন গুলশান থানার উপপরিদর্শক সারোয়ার হোসেন। আবেদন শুনানি শেষে মহানগর হাকিম মামুন আল রশীদ মিন্টুকে চারদিনের রিমান্ডে পাঠান।
বরিশালের মেয়র সরোয়ার এর বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে তিনি অনিয়ম. লুটপাট এবং দুর্নীতি করেছেন এবং এখনও তিনি দেশের জননিরাপত্তার জন্য হুমকি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/এসএনডি/কেএম/১৭২৬ঘ.
bdnews24